প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে কেউ গুজবে কান দেবেন না
…………..ডা. জে আর ওয়াদুদ টিপু

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারের ২য় তলায় ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল সোমবার দুপুরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বড় ভাই, বিশিষ্ট চিকিৎসক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। গত দু’বছর কোন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। এসএসসি পরিক্ষা শুরু হয়েছে। কেউ প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে গুজবে কান দেবেন না। কারণ প্রশাসন প্রশ্নপ্রত্র ফাঁস ও গুজব রটানোকারীদের ধরতে কাজ করছে। আপনাদের ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর দেশের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।
তিনি আরো বলেন, মো. রোকনুজ্জামান রোকন প্রতি বছর গরিব ও অসহায় মানুষদের মাঝে কম্বল, কাপড় ও ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকে। সে সবসময় মানুষের পাশে দাঁড়ায়। আমি কয়েকবার তার এ ধরনের কার্যক্রমে এসেছি। রোকন যেন তার কর্মকান্ড অব্যাহত রাখতে পারে আপনারা সবাই সেই দোয়া করবেন। আমরা সবসময় তার সাথে আছি এবং আগামিতে থাকব। এছাড়া আমি ব্যক্তিগতভাবে এই সমিতিকে ধন্যবাদ জানাই। তারা যেন সামাজিক এ কর্মকান্ডগুলো ধরে রাখেন।
ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ও কম্বল বিতরণ কমিটির আহ্বায়ক মো. রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, সাবেক ছাত্রনেতা শাখওয়াত হোসেন, সনজিৎ, ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির যুগ্ম-সম্পাদক মো. মিল্টন, দৈনিক চাঁদপুরজমিনের প্রধান সম্পাদক মাজহারুল ইসলাম অনিকসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে গরিব ও অসহায়দের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
