তরপুরচন্ডীতে খাল খনন বন্ধে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় ভরাটকৃত ছোট খাল খনন বন্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (১৩ জুন) সকালে তরপুরচন্ডী আনন্দ বাজার এলাকার নারী-পুরুষ ও সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশ নেন।
জানা যায়, তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দবাজার ও শহরের উত্তর বিষ্ণুদী এলাকার মধ্যখানে একটি ছোট খাল ছিল। কিছুদিন আগে খালের দুইপাশে মালিকানা সম্পত্তি বালু দিয়ে ভরাট করা হয়। তাতে ওই ছোট পরিত্যক্ত খালটি বন্ধ হয়ে যায়। পরে খালের দুই পাশের সম্পত্তি মালিকরা আনন্দ বাজার ও উত্তর বিষ্ণুদীর মাঝে একটি সংযোগ সড়ক নির্মাণ করেন। এতে আনন্দবাজার ও উত্তর বিষ্ণুদীর লোকজনদের যাতায়াত করতে সুবিধা হয়। পরে ভূমি অফিসসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর খাল ভরাট করতে দেখে জমির মালিকদের ডেকে বালু কেটে খাল আগের জায়গায় ফিরে আনার নির্দেশ দেন। এতে করে সংশ্লিষ্টরা তিন দিন যাবত খাল পুনরায় ফিরিয়ে আনার জন্য লেবারের মাধ্যমে বালু কাটা শুরু করে। খাল কাটায় জনগণের চলাচলের রাস্তায় ব্যাঘাত হওয়ার কারণে গতকাল রোববার সকালে স্থানীয় নারী-পুরুষসহ সর্বস্তরের লোকজন বালু কাটার বন্ধে মানববন্ধন করেন।
মানববন্ধনকারীরা বলেন, এই ছোট্ট খালের কারণে আমাদের এলাকার পরিবেশ দূষিত হয়। আমাদের চলাচলের রাস্তায় বিঘ্ন ঘটে। তাছাড়া এই খাল দিয়ে পানি ভিতরে প্রবেশ করতে পারে না। কারণ ভেতরের সব জমিগুলোই বালু দিয়ে ভরাট করা। সেগুলো ব্যক্তি মালিকানা সম্পত্তি। খালের সীমানা এখানেই শেষ হয়েছে। এই ছোট একটু খালে আমাদের এলাকার উপকারের চেয়ে ক্ষতির কারণ এই বেশি। খালের মধ্যে ময়লা-আবর্জনায় পরিবেশ দূষিত হয়। তাই সরকারের কাছে আমাদের দাবি এটা ভরাট করে আমাদের চলাচলের রাস্তা করে দেয়া হোক।

১৪ জুন, ২০২১।