দায়িত্ব গ্রহণের পর ত্রাণ সচিবের প্রথম ভিজিট চাঁদপুর জেলা

চাঁদপুর সবদিক থেকেই এগিয়ে থাকবে
…ত্রাণ সচিব মো. মোহসীন

শাহ আলম খান
চাঁদপুর জেলার কোভিড-১৯-এ স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও সমন্বয় বিষয়ে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. মোহসীন। গত শুক্রবার (১০ জুলাই) সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
মো. মোহসীন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো জেলা চাঁদপুর পরিদর্শনে আসলেন। তাঁর জন্মস্থান গাজীপুর না গিয়ে প্রথম তিনি চাঁদপুরে আসলেন। ৩০ জুন তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পান।
সচিব মো. মোহসীন বলেন, এ মতবিনিময় সভায় এসে চাঁদপুর সম্পর্কে আমি যে ধারণা পেলাম তাতে আমি খুবই আনন্দিত হলাম। এখন বুঝলাম চাঁদপুরকে প্রথম জেলা হিসেবে পরিদর্শন করার জন্যে বেছে নেয়াটা আমার যথাযথই ছিলো। তিনি বলেন, আমার পূর্বের সচিব মহোদয় চাঁদপুরকে যেভাবে দেখেছেন, আমার ক্ষেত্রেও কোনো অংশে কম হবে না। আপনারা যেভাবে কাজ করছেন, জেনে খুব খুশি হলাম। চাঁদপুর সবদিক থেকেই এগিয়ে থাকবে। ডব্লিউএইচও’র তথ্য মতে, এই করোনা মহামারী অনেকদিন যাবত থাকবে। তাই এর সাথে মানিয়ে নিয়ে সব ধরনের সঙ্কট থেকে আমাদের বেঁচে থাকতে হবে, সঙ্কটকে মোকাবেলা করতে হবে। শাসন দিয়ে নয়, সহযোগিতা এবং সহমর্মিতা দিয়ে আমাদের এসব মোকাবেলা করতে হবে।
তিনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রসঙ্গে বলেন, তাঁর সাথে আমার গত রাতে কথা হয়েছে। তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ। তাঁর সাথে কথা বলতে গিয়ে জানলাম, তিনি এখন প্রতি রাতে চার ঘণ্টা অনলাইনে কোভিড-১৯ বিষয়ে পড়াশোনা করেন, ট্রেনিং নেন। তাঁকে আল্লাহ এমনিতেই উপরে উঠাননি। মেধা, যোগ্যতা আছে বলেই আজ তাঁর দেশে-বিদেশে এই অবস্থান।
সচিব মোহসীন চাঁদপুরের সব সেক্টরের প্রতিনিধিদের নিয়ে কাজ করার আহ্বান জানান। এতে এ জেলারই সুফল ও সুনাম বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপ্রধানে এবং তাঁর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আইনুল কবীর, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিব-উল-করিম, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াস, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।
সভার শুরুতে কোভিড-১৯ পরিস্থিতির উপর পাওয়ার পয়েন্টের মাধ্যমে সার্বিক তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জামাল হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভার আগে সকাল সাড়ে ৯টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন চাঁদপুর সার্কিট হাউজে এসে উপস্থিত হলে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ফুল দিয়ে তাঁকে বরণ করেন। পরে সচিব ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ পরিদর্শন করেন এবং হাসপাতালের সেবক-সেবিকাদেরও তাদের কাজের খবরা-খবর নেন।

১২ জুলাই, ২০২০।