দেবপুরে ভুট্টা ক্ষেত থেকে নিখোঁজ ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের দেবপুর বাজার সংলগ্ন এলাকার একটি ভুূট্টা ক্ষেত থেকে ওসমান মুন্সী নামক নিখোঁজ এক কাঁচামাল ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ওই ইউনিয়নের চর-বাকিলা নামক মাঠ থেকে অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় চাঁদপুর মডেল থানা পুলিশ।
পরে পরিবারের লোকজন থানায় গিয়ে ওসমান মুন্সীর লাশের পরিচয় সনাক্ত করে। সে ওই ইউনিয়নের মধ্য কামরাঙ্গা গ্রামের মুন্সীর বাড়ির রুস্তম মুন্সীর ছেলে। সে কাঁচামাল ব্যবসা করতো বলে জানিয়েছেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু ছায়েদ বেপারী। গত ১৪ এপ্রিল থেকে ওসমান মুন্সী নিখোঁজ ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তবে এই ঘটনায় থানায় কোন নিখোঁজ ডায়রি করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই দিন দুপুর থেকে চর-বাকিলা মাঠ সংলগ্ন এলাকায় পঁচা ও উৎকট গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা গন্ধের উৎস খুঁজতে গিয়ে ওই মাঠের একটি ভুট্টার ক্ষেতে অর্ধ-গলিত এক যুবকের লাশ দেখতে পেয়ে চাঁদপুর মডেল থানায় খবর দেয়। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে লাশের পাশে স্থানীয় ও এলাকাবাসীসহ কয়েক শতাধীক নারী-পুরুষের ভীড় জমে।
পরে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে, তিন-চার দিন আগে অজ্ঞাত এই যুবককে দূর্বত্তরা হত্যা করে লাশটি ভুট্টা ক্ষেতে রেখে যায়।
এদিকে অজ্ঞাত লাশের খবর পেয়ে নিখোঁজ ওসমান মুন্সীর পরিবারের লোকজন চাঁদপুর মডেল থানায় গিয়ে তার পরিচয় সনাক্ত করে। তারা থানা পুলিশকে জানায়, গত ১৪ এপ্রিল থেকে ওসমান মুন্সী নিখোঁজ ছিল। এভাবে সে প্রায় নিখোঁজ থাকতো। নিখোঁজের কারণ হিসেবে তারা জানায়, ওসমান মুন্সীকে মাঝে মাঝে জ্বিন-পরীরা ধরে নিয়ে যায়। পরে আবার তাকে বাড়িতে ফিরিয়ে দেয়। এবারো এমনটি ভেবে তারা থানায় নিখোঁজ ডায়েরী করেনি।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে। হত্যার রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলে তিনি জানান।

২৮ এপ্রিল, ২০২১।