স্টাফ রিপোর্টার
দীর্ঘদিনের নানা আইনী জটিলতা কাটিয়ে অবশেষে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ এ ইউনিয়নে নির্বাচন হয়েছিলো ২০১১ সালের ৫ জুন। প্রায় ৯ বছর পর এ ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা জন্য কমিশন পত্র দিয়েছে জেলা নির্বাচন অফিসে।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, সীমানা এবং ভোটার তালিকা পূনর্বিন্যাস সংক্রান্ত জটিলতার কারণে উচ্চ আদালতের রিট থাকায় নির্ধারিত সময়ে চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে নির্বাচন করা সম্ভব হয়নি। পরবর্তীতে হাইকোর্টের আদেশে সীমানা এবং ভোটার তালিকা পূনর্বিন্যাস করা হয়। নির্বাচন করতে আর কোনো বাঁধা নেই। মেয়াদোত্তীর্ণ এ ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন করতে নির্দেশনা এবং প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য আমরা নির্বাচন কমিশনে পত্র দিয়েছে।
জেলা নির্বাচন অফিসের একাধিক সূত্র জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে চলতি মাসে তফসিল হলে নতুন বছর অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এ ইউনিয়নের নির্বাচন।
লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম খানকে নির্বাচনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটের সকল প্রস্তুতি নেয়ার পরেও শেষ মুহূর্তে আদালতের আদেশে বন্ধ হয়ে যায় নির্বাচন। আসন্ন নির্বাচনের প্রস্তুতি কেমন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী হিসেবে আমাকে নৌকা প্রতীকও বরাদ্দ দেয়া হয়েছে আগেই। একজন জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন জনগণ ও দলের সাথে ছিলাম, আছি এবং থাকবো। হাজারো মানুষের ভালোবাসায় ইনশাআল্লাহ এবারো জয়ী হবো।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার ইউনিয়নগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোটার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে।
০১ ডিসেম্বর, ২০২০।
