স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কৃতী সন্তান, একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি সাংবাদিক নাজিম উদ্দিন মোস্তানের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও তাঁর রুহের মাগফেরাত কামনায় শারীরিক
প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় চাদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শারীরিক প্রতিবন্ধী ২ জন নারী ও একজন পুরুষকে নাজিম উদ্দিন মোস্তানের পরিবারের পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় মরহুমের বর্ণাঢ্য কর্ম ও জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন ও কাজী শাহাদাত। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, এএইচএম আহসানুল্লাহ।
মরহুমের পরিবারের পক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চাঁদপুর প্রেসক্লাবসহ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মরহুম সাংবাদিক নাজিম উদ্দিন মোস্তানের বড় মেয়ে এসএ টিভির জয়েন্ট এডিটর নাজমুন্নাহার মিলি।
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন তাঁর বক্তব্যে বলেন, নাজিম উদ্দিন মোস্তান ছিলেন তরুণ সাংবাদিকদের কাছে আইডল। তাঁকে দেখে এবং পড়ে তরুণরা অনেককিছু শিখেছে। তাঁর মতো গুণী সাংবাদিকদের কল্যাণেই এই পেশাটি মহৎ পেশা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এই মানুষটি জীবনে অনেক কষ্ট করেছেন, কিন্তু নীতির সাথে কখনো আপোশ করেননি। ইত্তেফাক পত্রিকার জন্য তাঁর অনেক অবদান রয়েছে। তখন পত্রিকার নীতিনির্ধারকদের থেকে এমনও বলা হয়েছে, একজন নাজিম উদ্দিন মোস্তান থাকলেই ইত্তেফাক চলবে।
তিনি আরো বলেন, আমার ভাই জাকারিয়া মিলনও ইত্তেফাকের প্রধান প্রতিবেদক ছিলেন। আমি নিজেও ইত্তেফাকের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। যার ফলে কিংবদন্তিতুল্য সাংবাদিক নাজিম উদ্দিন মোস্তান সাহেবের সান্নিধ্য আমি পেয়েছি। আমি সরাসরি তাঁর ছাত্র ছিলাম। তিনি আমার বাড়িতে এসেছিলেন। আমার ভাইয়ের সাথে দেখা করতে ঢাকা গেলে তিনি আমাকে স্নেহ করতেন। আজ তাঁর জন্মবার্ষিকীকে এমন আয়োজন করায় আমি তাঁর মেয়েকে ধন্যবাদ জানাই। কারণ তিনি বাবার সুযোগ্য সন্তান হতে পেরেছেন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, প্রথিতযশা সাংবাদিক নাজিম উদ্দিন মোস্তান চাঁদপুরের কৃতী সন্তান ছিলেন। আমরা তাঁকে নিয়ে গর্ব করি। তাঁর কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আজ তাঁর জন্মবার্ষিকীকে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে। এটি অত্যন্ত ভালো এবং মহৎ কাজ। আমরা চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম মাসুদ, সাবেক সভাপতি একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, এসএ টিভির চাঁদপুর প্রতিনিধি আতিক খান, দৈনিক শপথের সিনিয়র স্টাফ রিপোর্টার এইচএম নিজাম, দৈনিক চাঁদপুর প্রতিদিনের চীপ রিপোর্টার আশিক বিন রহিমসহ সাংবাদিকবৃন্দ।
১২ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- নাজিম উদ্দিন মোস্তানের ৭৪তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
