মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের দু’ব্যবসায়ী বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। এ সময় তাদের সাথে থাকা নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। গত শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার কাজিয়ারা-মেহারণ সীমানায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
জানা যায়, নারায়ণপুর বাজারের মোবাইলের লোড ও বিকাশ ব্যবসায়ী শ্রীকৃষ্ণ দাস (৪০) এবং মেডিসিন (গাজী ফার্মেসী) ব্যবসায়ী পাসনজিৎ দাস (২৮) রাত ৯টায় তাদের দোকান বন্ধ করে মেহারণ গ্রামের নিজ বাড়িতে হেটে যাচ্ছিল। কাজিয়ারা ও মেহারণ গ্রামের মাঝামাঝি গেলে ৩/৪ জন অপরিচিত যুবক তাদের আক্রমন করে। এক পর্যায়ে যুবকরা অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তাদের সাথে থাকা টাকা ও মোবাইল ও সেটগুলো নিয়ে যায়। ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তি করলে শ্রীকৃষ্ণ দাস ও পাসনজিৎ দাসের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে ছুরি ও রড দিয়ে আঘাত করে। বাঁচাও-বাঁচাও বলে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নারায়ণপুর টাওয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করায় এবং ডা. মহিবুর রহমান শাহাদাতের মাধ্যমে চিকিৎসা সেবা নেয়। এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করলে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।
আহত শ্রীকৃষ্ণ দাস বলেন, তার সাথে থাকা প্রায় সাড়ে ৪ লাখ টাকা ও কয়েকটি লোডের মোবাইল ও বিকাশ এজেন্টদের মোবাইল ছিনিয়ে নেয়। মেডিসিন ব্যবসায়ী পাসনজিৎ দাস বলেন তার সাথে থাকা ৬৫ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। তবে অন্ধকারের কারণে কাউকেই চিনতে পারেনি। নারায়ণপুর বাজারের একাধিক ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ মেহারন ও কাজিয়ারা এলাকায় রাস্তায় রাতে প্রায় এ ধরনের ঘটনা ঘটে।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন থেকে ঐ এলাকায় জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশের টহল জোরদার করা হবে।
১১ জানুয়ারি, ২০২১।
