নারায়ণপুরে দুর্বৃত্তের আগুনে পাকঘর ও গুদামঘর ভস্মীভূত

স্টাফ রিপোর্টার
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর রসিকদের বাড়িতে দুর্বৃত্তদের আগুনে নারায়ন চন্দ্র দের পাকঘর ও গুদামঘর ভস্মীভূত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সরেজমিনে এলাকাবাসী ও নারায়ন চন্দ্র দে জানান, গত ১০ আগস্ট একই এলাকার রুহুল আমিনের ছেলে দেলোয়ার (৪৫) এর ক্ষেতের ধইঞ্চা আমার একটি গরু খেয়ে ফেলে। এ নিয়ে দেলোয়ার আমাকে এলোপাথারি মারধর করে। পরে দেলোয়ারসহ তার ভাতিজা সৈয়দ আলীর ছেলে জহর আলী, ফারুক, সুমন, শাহাদাত, রুহুল আমিনের ছেলে সুফিয়ান ও মনির এক জোট হয়ে আমাকে ও আমার পরিবারের লোকজনের উপর হামলা করে মারধর করে। ঘটনার সময়ে দেলোয়ার আমাকে ও পরিবারের লোকজনকে ক্ষতি করবে এবং আমার ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়ে আমাকে বাড়িছাড়া করবে বলে হুমকি দেয়। ঘটনার ৫ দিন পর গত ১৫ আগস্ট রাতের আঁধারে কে বা কারা আমার পাকঘরে আগুন লাগিয়ে দেয়। বাড়িতে থাকা আমার জেঠাতো ভাই রনজিত দে মাছ চাষ করার পুকুর দেখতে উঠলে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে আশ-পাশের লোকজন দৌঁড়ে এসে আগুন নেভাতে সাহায্য করে। এতে আমাদের ২ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়। পাকঘরের মধ্যে গুদাম ঘরে ধান, আলু, ভুট্টা, লাকড়ী, পাট ইত্যাদি ছিল।
দেলোয়ারের ভাতিজা শাহাদাত জানায়, দু’পক্ষের মধ্যে গরু ধইঞ্চা খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া-বিবাদ হয়েছে। গত ১৪ আগস্ট এ নিয়ে সালিস বৈঠকের কথা থাকলেও তা হয়নি। তবে আমাদের কেউ তাদের ঘরে আগুন লাগাইনি।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
১৯ আগস্ট, ২০২০।