সন্তানকে সম্পদে পরিণত করতে হলে বেশি বেশি সময় দিতে হবে
……….জেলা প্রশাসক কামরুল হাসান
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীদের ক্লাসে শতভাগ উপস্থিতি, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, সন্তানকে সম্পদে পরিণত করতে হলে, সন্তানকে বেশি বেশি সময় দিতে হবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষা জীবন হলো জীবন গঠনে বিনিয়োগের শ্রেষ্ঠ সময়। লেখাপড়া করে নিজেকে গঠন করার শ্রেষ্ঠ সময়। প্রকৃত অর্থে নিজের জন্য কিছু করে মানুষ হওয়াই একজন শিক্ষার্থীর ব্রত হওয়া উচিত। তাহলেই জীবনে সফলতা আসবে। আমার প্রত্যাশা প্রতিটি পরীক্ষায় এই কলেজ ভালো ফলাফল করবে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শুধু অভিভাবক সমাবেশে উপস্থিত হলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। মাঝে মধ্যে কলেজে এসে সন্তানের খোঁজ-খবর নিতে হবে। এজন্য অভিভাবককে সচেতন হওয়ার আহ্বান জানান।
কলেজ গভর্নিং বডির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মোবাইল ফোন ইতিবাচক দৃষ্টি ভঙ্গিতে চালাতে হবে। মোবাইল ফোন শিক্ষা মূলক কাজে ব্যবহার করতে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে মাদক, ইভটিজিং থেকে দূরে থাকতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের দল হবে সমাজের ইতিবাচক কাজের জন্য। শিক্ষার্থীদের দল যেন কিশোর গ্যাংয়ে পরিণত না হয় সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। তিনি পিতা-মাতা হিসেবে সন্তানের খোঁজ খবর রাখার প্রতি প্রত্যেক অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন।
সভাপতির বক্তব্যে মো. সাইফুল ইসলাম কলেজের শিক্ষার পরিবেশ ও চলমান উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন এবং প্রয়োজনীয় চাহিদা পুরণে সকলের সহযোগিতা কামনা করেন।
সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সামজ্জোহা, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফাহিম ইকবাল, এএসপি (মতলব সার্কেল) মো. ইয়াসির আরাফাত প্রমুখ।
এসময় আরো বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল মোস্তফা তালুকদার, জিবির সাবেক সদস্য মো. বজলুর রশিদ মজুমদার, কলেজের দাতা সদস্য মো. আব্দুল মবিন প্রধান, কলেজ গভর্নিং বডির সদস্য মো. রাসেল প্রধান, মো. জাহাঙ্গীর আলম খন্দকার, কলেজের যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. আফম সাইফুর রহমান ভূঁইয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী তন্বী আক্তার, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ইসরাত জাহান।
পরে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয় এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, ডা. নুসরাত জাহান মিথেন, মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম খান, কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
১১ সেপ্টেম্বর, ২০২২।
