মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গত ১ মে নারায়নপুর বাজারের ডা. হারুন মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। ঐ গৃহবধূর নাম রাবেয়া বেগম (২৪), তার স্বামীর নাম মো. ইকবাল প্রধান। রাবেয়ার বাবার বাড়ি খাদেরগাঁও ইউনিয়নের লামচরি গ্রামে।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরেই রাবেয়া তার নারায়নপুর বাজারের ভাড়াকৃত বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রথমে রাবেয়াকে নারায়নপুর বাজারের একটি প্রাইভেট ক্লিনিকে নেয়া হয়। পরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সে মৃত্যুবরণ করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ ও এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশ সদস্যবৃন্দ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, এ ব্যাপারে মৃত রাবেয়ার বেগমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
০২ মে, ২০২০।
