পুরাণবাজারে টয়লেট থেকে গৃহবধূর লাশ উদ্ধার

এস এম সোহেল
চাঁদপুর শহরের পুরাণবাজার টয়লেট থেকে মিতু বেগম (২৭) নামের গৃহবধূর গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ জিজ্ঞেসাবাদের জন্য গৃহবধূর স্বামী অপু, শাশুড়ি পারভীন ও ননদ রুমিকে থানায় নিয়ে আসেন। সোমবার (২২ নভেম্বর) বিকেলে চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পাটওয়ারী পুল এলাকার ভূঁইয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। তবে লাশটি দেখে স্থানীয়রা রহস্যজনক বলে মন্তব্য করেন।
গৃহবধূ মিতু বেগম চাঁদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পাটওয়ারী পুল এলাকার ভূঁইয়া বাড়ির অপু ভূঁইয়ার স্ত্রী ও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়ার হাফেজ খানের মেয়ে। অপু ফরিদগঞ্জ পৌরসভায় মাস্টার রুলে কর্মরত আছেন।
ঘটনার খবর শুনে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুল রশিদ, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা, এএসআই মোর্শেদ ও মো. আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এখবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন একনজর দেখার জন্য বাড়ির পাশে ভীড় করেন।
স্থানীয়রা জানায়, টয়লেটের জানালা (ফ্যান লাইট) এর সাথে ওড়না পেচিয়ে ফাঁস দেওয়া সম্ভব নয়। লাশটির অর্ধেক শরীর টয়লেটের মেঝেতে ঝুলানো অবস্থায় রয়েছে। দেখে মনে হয় কেউ তাকে মেরে ঝুলিয়ে রেখেছে।
গৃহবধূর চাচা আলম খান জানায়, সাড়ে ৩ মাস আগে ৩ লাখ টাকা দেনমোহরে মিতু ও অপুর বিয়ে হয়। ঢাকা উত্তরায় মিতুর খালার বাড়িতে এ বিয়ে হয়। ১৫ দিন আগে মিতুকে অপু বাড়ি নিয়ে আসে।
স্বামী অপু জানায়, আমি চাকরির সুবাদে ফরিদগঞ্জ পৌরসভায় কাজে ছিলাম। হঠাৎ বাড়ি থেকে ফোন আসে মিতু ফাঁসি দিয়েছে। তা শুনে আমি সাথে সাথে কাজ ফেলে রেখে বাড়িতে চলে আসি।
গৃহবধূর পিতা হাফেজ খান জানায়, কেউ যদি আমার মেয়েরে মাইরা থাকে, তাহলে তার হত্যার বিচার চাই।
চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, পুরাণবাজরের পাটওয়ারী পুল এলাকায় আত্মহত্যা খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে।

২৩ নভেম্বর, ২০২১।