স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজারে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই ইতালি প্রবাসী যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে পুরাণবাজারে বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুর শহরের পুরাণবাজার মেরকাটিজ রোডের ইতালি প্রবাসী মো. আব্দুস সালাম দেওয়ানের ছেলে অভি দেওয়ান (১৮) ও তার খালাতো ভাই শরীয়তপুরের ঘরিসার এলাকার মো. সেলিম মিয়ার ছেলে নিলয় (২০)।
তাদের পরিবারের লোকজন জানান, নিলয় ও অভি তাদের অভিভাবকদের সঙ্গে ইতালি থাকে। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেশে এসেছেন।
স্থানীয়রা ও নিহতদের স্বজনরা জানান, নিলয় ও অভি তারা দু’জনই ইতালি প্রবাসী। গত ১১ ফেব্রুয়ারি রোজা ও ঈদের ছুটিতে চাঁদপুর আসেন। সোমবার রাতে তারা দু’জন একটি মোটরসাইকেল নিয়ে বের হয়ে নতুন বাজার মার্কেটে শার্ট কেনার জন্য রওনা হন। এসময় গার্লস স্কুলের কাছে ইত্যাদি মেশিনারিজ দোকানের সামনে দ্রুতগতিতে একটি সাইকেলকে পাস কাটিয়ে যাওয়ার সময় প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের নিচে মোটরসাইকেলসহ পড়ে গেলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অভি মারা যান। আর নিলয়কে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে পথে তারও মৃত্যু হয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন বলেন, হাসপাতালের আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করলে শহরের ওয়ারলেস বাজার এলাকায় নিলয়ের মৃত্যু হয়।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে নিহতদের স্বজনরা হাসপাতালে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন। পরিবারের লোকজন জানান, নিলয় ও অভি তাদের অভিভাবকদের সাথে ইতালি থাকেন। তাদের চাচাত বোনের বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দেশে এসেছেন।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর থানার এসআই মোখলেছুর রহমান দু’টি মরদেহের সুরতহাল করেছেন। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান (ঢাকা-উ-১৪-৩৭৬৫) জব্দ করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়েছেন। তবে হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে আছেন।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং হেলপার আটক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
০৫ মার্চ, ২০২৫।
