পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টনের ফাইনাল ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আমাদের সবাইকে সুস্থ থাকার জন্য খেলাধুলা ও ব্যায়ামের বিকল্প কিছু নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।
উৎসবমুখর পরিবেশে তুমূল প্রতিযোগিতাপূর্ণ খেলার মাধ্যমে ফাইনাল ম্যাচে নারী গ্রুপে রিজার্ভ অফিস টিম রানারআপ ও পুলিশ লাইন্স টিম বিজয়ী এবং পুরুষ গ্রুপে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন পুলিশ লাইন্স টিম এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কচুয়া থানা টিম।
পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে অংশগ্রহণকারী ২৪টি দলের উপস্থিতিতে পুলিশ সুপার পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

০৫ ফেব্রুয়ারি, ২০২৪।