পৌরসভা নির্বাচনকে ঘিরে সরগরম জেলা বিএনপি কার্যালয়

dav


স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জেলা বিএনপি’র কার্যালয় সরগরম হয়ে উঠেছে। গত মঙ্গলবার বিকেল থেকেই দলীয় কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে ভিড় জমাতে দেখা গেছে। কে হবেন চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদের প্রার্থী এ নিয়ে রয়েছে নেতা-কর্মীদের মাঝে নানা কৌতূহল ও উৎকন্ঠা।
এদিকে স্ব-স্ব ওয়ার্ডে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন পেতে ব্যস্ত রয়েছেন কাউন্সিলর প্রার্থীরা। তাদের অনেককেই সিনিয়র নেতাদের সাথে দলীয় কার্যালয়ে আলাপচারিতা করতে দেখা গেছে।
গতকাল সন্ধ্যায় সরজমিনে দলীয় কার্যালয়ে সামনে গেলে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়। এসময় শীর্ষস্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুন-অর-রশিদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন বাচ্চু, সদর থানা বিএনপি নেতা মুক্তার গাজী, পৌর বিএনপি নেতা কাইয়ুম খান, জেলা যুবদল নেতা পারভেজ আলম রবিন ও ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি সহ যুবদল,ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।