প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চাঁদপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুধীর আগামীর পথে বাংলাদেশ’ এ শ্লোগানে সম্ভাবনা ও সমৃদ্ধির বাজেট ২০২১-২০২২ শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ। শুক্রবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খানের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী, পৌর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারী। আনন্দ মিছিলে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এটি। এই করোনা মহামারিতেও যখন সারাবিশ্ব অর্থনৈতিকভাবে স্থবির সেই সময়েও রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এত বড় বাজেট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য জনমুখী বাজেট করেছেন। এই বাজেটের মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। শিক্ষাখাতকে ধ্বংস করার জন্য নয়, আরোও এক ধাপ এগিয়ে নিতে বাজেটে শিক্ষাব্যবস্থাকে প্রাধান্য দিয়েছে। আমরা চাঁদপুরবাসীর পক্ষ থেকে এই বাজেটকে স্বাগত জানাই।

০৫ জুন, ২০২১।