স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় হাইমচরে ছাত্রদল নেতা জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ।
গত রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ নিজ আইডি থেকে এ কটুক্তি করে সে। আটককৃত জহিরুল ইসলাম লিখেছে ‘জাতীয় শ্রেষ্ঠ চোরের খেতাব পেতে যাচ্ছে,,, হযরত শেখ হাসিনা’ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে এমন কটূক্তিমূলক বিবৃতি দেয়ায় স্থানীয় সাধারণ জনগণ তাৎক্ষণিক এর প্রতিবাদ করে। পরে পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান গাজীর ছেলে সুলতান আহমেদ গাজী বাদী হয়ে থানায় অভিযোগ করলে হাইমচর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, উপজেলার ছোট লক্ষীপুর গ্রামের বাসিন্দা মো. শহিদুল্লাহ গাজীর ছেলে ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং হাইমচর শাখার ম্যানেজার ও উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নিজ ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রকে কটুক্তি করে। স্থানীয় ভাবে তোলপাড় শুরু হলে মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে আলগী বাজার থেকে তাকে আটক করে হাইমচর থানা পুলিশ।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার দায়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। কোর্টে প্রেরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
২০ জানুয়ারি, ২০২১।
