স্টাফ রিপোর্টার
চাঁদপুরে করোনা পরিস্থিতিতে অসহায়, দুস্থ ও কর্মহীন লঞ্চ শ্রমিকের ৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা ত্রাণ (প্রধানমন্ত্রীর উপহার) বিতরণ করেছে জেলা প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার (২০ মে) বিকাল ৪টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।
উপস্থিত কর্মহীন লঞ্চ শ্রমিকদের উদ্দেশে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আজ আপনারা যে ত্রাণ পেয়েছেন এটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। প্রধানমন্ত্রী সব সময় আপনাদের কথা চিন্তা করেন এবং ভাবেন।
তিনি আরো বলেন, জেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে এবং আপনাদের কথা ভাবে। যারা সহায়তার জন্য আমাদের ম্যাসেজ দিচ্ছেন, তাদের ঠিকানা অনুযায়ী ত্রাণ পৌঁছানো হচ্ছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী প্রশাসনের ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিমসহ অনেকে।
উল্লেখ্য, এর আগে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫ হাজারের বেশি পরিবারের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ বিতরণ করা হয়।
২৩ মে, ২০২১।
