ফরিদগঞ্জ, কচুয়া ও হাইমচরের ২৯ ইউপি চেয়ারম্যানের শপথ

২০২৫ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি চালু করতে সক্ষম হবো…..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

এস এম সোহেল/সজীব খান
ফরিদগঞ্জ, কচুয়া ও হাইমচর উপজেলার ২৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাইমচরের ৪ জন, ফরিদগঞ্জ ১৩ জন ও কচুয়ার ১২ জনসহ মোট ২৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি তার বক্তব্যে বলেন, চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা-ভাবনা চলছে। এ বিষয়ে আজকালের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ ক্ষেত্রে করোনা পরিস্থিতির দিকেও আমাদের নজর রাখতে হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি নেমে শ্রেণিকক্ষে পাঠ কার্যক্রম চালাতে পারে। আগামি ২০২৫ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি চালু করতে আমরা সক্ষম হবো।
তিনি আরো বলেন, তিনটি উপজেলার ২৯ জন নবনির্বাচিত চেয়াম্যান শপথ নিয়েছেন তাদের শুভেচ্ছা জানাই। কোভিড আমাদের মাঝ থেকে আপনজনদের নিয়ে গেছেন, তাদের গভীর শ্রদ্ধা জানাই। যিনি এ দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন সেই জাতির পিতার আদর্শকে বিশ^াস করে আপনারা নির্বাচিত হয়েছেন। তারা সেই এলাকার মানুষের জন্য কাজ করে যাবেন।
ডা. দীপু মনি বলেন, শেখ হাসিনার সরকার ১৩ বছর রাষ্ট্র ক্ষমতায় এসে দেশকে উন্নত বিশ্বের মাঝে স্থান দখল করে নিয়েছে। ২০০৯ সাল থেকে আজ ১৩ বছরে দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রতিটি মুহূর্তে নতুন নতুন পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা যেন সবাই যার-যার স্থানে থেকে কাজ করে যাবো। আপনারা যারা নির্বাচিত হয়েছেন তাদের সব কর্মকান্ডে আমি কাজ করার জন্য সহায়তা করবো। করোনাকালে এ নির্বাচন সমাপ্ত করেছেন, সেসব কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।
ভিডিও কনফারেন্স বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বলেন, যারা নির্বাচিত হয়েছেন তারা মানুষের কল্যাণে কাজ করবেন। স্থানীয় সরকারের প্রতিনিধি হয়েছেন তারা নিজ এলাকার মানুষের জন্য কাজ করবেন। যা যা মানুষের কল্যাণে করা প্রয়োজন তা করে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করবেন। এলাকার জনগণের জীবনমান উন্নয়নে যে প্রকল্পগুলো রয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন করবেন বলে আমি বিশ্বাস করি।
ভিডিও কনফারেন্স বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য সাংবাদিক সফিকুর রহমান বলেন, বিগত ৫০ বছরের যে কাজ হয়নি গত তিন বছরের তা হয়েছে। ফারার সার্ভিস স্টেশন হয়েছে, ১১শ’ কিলোমিটার কাঁচা রাস্তার পাকাকরণ করা হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যানরা হলেন ভিত্তিমূলের নেতা। ভিত্তিমূলের নেতা হিসেবে আপনারা আপনাদের কর্তব্য সঠিকভাবে পালন করবেন বলে বিশ্বাস করি।
শপথ নেওয়া চেয়ারমানরা হলেন- হাইমচর উপজেলার আলগী উত্তর ইউপির মো. আতিকুর রহমান পাটোয়ারী, আলগী দক্ষিণ ইউপির সরদার আব্দুল জলিল, নীলকমল ইউপির সউদ আল নাছের ও হাইমচর ইউপির জুলফিকার আলী জুলহাস সরকার।
ফরিদগঞ্জ উপজেলার- বালিথুবা পশ্চিম ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, বালিথুবা পূর্ব ইউপির হারুনুর রশীদ, সুবিদপুর পূর্ব ইউপির বেলায়েত হোসেন, সুবিদপুর পশ্চিম ইউপির মহসীন হোসেন, গুপ্টি পূর্ব ইউপির শাহজাহান পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউপির বুলবুল আহমেদ, পাইকপাড়া উত্তর ইউপির আবু তাহের পাটওয়ারী, গোবিন্দপুর উত্তর ইউপির শাহআলম শেখ, গোবিন্দপুর দক্ষিণ ইউপির আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউপির মাহমুদুল হাসান মিরাজ, চরদুঃখিয়া পশ্চিম ইউপির মো. শাহজাহান, রূপসা উত্তর ইউপির কাউছারুল আলম কামরুল এবং রূপসা দক্ষিণে ইউপির মো. শরীফ হোসেন।
কচুয়া উপজেলার- সাচার ইউনিয়নে মনির হোসেন, পাথৈর ইউনিয়নে আলী আক্কাস মোল্লা, বিতারা ইউনিয়নে ইসহাক সিকদার, পালাখাল মডেল ইউনিয়নে হাবিব মজুমদার জয়, পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আলমগীর হোসেন, উত্তর কচুয়া ইউনিয়নে এমএ আখতার হোসাইন, সদর দক্ষিণ ইউনিয়নে আরিফুজ্জামান আরিফ, কাদলা ইউনিয়নে নুরে-ই-রিহাত, কড়ইয়া ইউনিয়নে আবদুস ছালাম সওদাগর, গোহট উত্তর ইউনিয়নে কবির হোসেন, গোহট দক্ষিণ ইউনিয়নে আমির হোসেন, আশরাফপুর ইউনিয়নে রেজাউল মাওলা হেলাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তারের পরিচালনায় অতিথির হিসেবে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান ও কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন।
শপথগ্রহণকারী চেয়ারম্যানদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন হাইমচর উপজেলার আলগী উত্তর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী ও গোহট উত্তর ইউপি চেয়ারম্যান কবির হোসেন।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা প্রশাসক কার্যালয় মসজিদের ইমাম মেহেদী হাসান ও গীতা থেকে পাঠ করেন বিমল চন্দ্র দে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ৫ম ধাপের নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন, হাইমচর উপজেলার ৪টি ইউনিয়ন ও কচুয়ার উপজেলার ১২টি ইউনিয়নসহ মোট ২৯ জন ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়।

১৭ ফেব্রুয়ারি, ২০২২।