স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ আমাদের সার্বজনীন একটি উৎসব। গত ২ বছর করোনার কারণে আমরা এ অনুষ্ঠান উদযাপন করতে পারি নাই। এবছর সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা এ উৎসব পালন করবো। রমজানের সংযমের কোন ব্যাঘাত না ঘটে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। রাষ্ট্র আমাদের যে ধরনের নির্দেশনা দেয় তা মানতে হবে। আমাদের সংস্কৃতিকে আমাদের বহন করে নিয়ে যেতে হবে। আমাদের সংস্কৃতিকে ধারন করতে হবে এবং লালন করতে হবে। আসাদের সংস্কৃতিকে আমাদেরই লালন করতে হবে।
জেলা প্রশাসক বলেন, আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করতে হবে। আমাদের আগের অভিজ্ঞতা থেকে দেখেছি যারা সংস্কৃতিকে বিশ্বাস করে না, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাদের জন্যে পুলিশ বাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, এ উৎসবের দিনে র্যালি, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ ৩টি ইভেন্ট হচ্ছে আমাদের মূল। র্যালিটি সকাল ৮টায় হাসান সপ্রাবি শুরু করে প্রেসক্লাবের পিছনে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। রমজান মাস উপলক্ষে আমাদের সময়সীমা সংকীর্ণ করতে হবে। আগে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হতো কিন্তু এবার রমজান মাস উপলক্ষে দুপুর ৩টার মধ্যে মেলা শেষ করতে হবে। অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত থাকবে। অনুষ্ঠানের মধ্যে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।
০৭ এপ্রিল, ২০২২।
