বাগাদীতে টপ সয়েল বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা দন্ড

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে কৃষি জমির টপ সয়েল কেটে অন্যত্র বিক্রি করায় জাকির হাওলাদার নামের এক ব্যক্তির প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ মার্চ) বিকেলে বাগাদী ইউনিয়নের সাহেব বাজার চাঁদপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান। অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
জানা যায়, বাগাদী ইউনিয়নের সাহেববাজার চাঁদপুর গ্রামে এলাকায় জাকির হাওলাদারসহ একটি সিন্ডিকেট মাছের ঝিল তৈরির নামে কয়েক একর ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে। খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান ঘটনাস্থলে উপস্থিত হয়ে কৃষি জমির টপ সয়েল কেটে অন্যত্র বিক্রি করার অপরাধে মো. জাকির হাওলাদারের প্রতিনিধিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা ভঙ্গের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। তাছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ আর পরিচালনা করবে না মর্মে মুচলেকা দেয়া হয়।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

০৬ মার্চ, ২০২৫।