বাবুরহাট এলাকায় করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিমের অংশগ্রহণে জনসচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত ৯ জুলাই সকাল সাড় ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত বাবুরহাট স্কুল এন্ড কলেজ সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই মানববন্ধন পালিত হয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে ‘যার মুখে মাস্ক নেই তার সাথে কথা নেই’ স্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের গঠিত স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে এই মানববন্ধনের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নেয় জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের অনুমতিক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামানের উদ্যোগে স্বেচ্ছাসেবক টিম সাথে নিয়ে বিভিন্ন কার্যক্রম পালন করে যাচ্ছেন। মানববন্ধনে শতাধিক স্বেচ্ছাসেবক চলমান মহামারী থেকে সাধারণ মানুষকে সচেতন থাকতে বিভিন্ন স্লোগানের ফেস্টুন হাতে নিয়ে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, জীবন-জীবিকার প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে পড়া মানুষদের স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সচেতনতা ও নিয়ম কানুন মেনে চলার জন্য চাঁদপুর জেলা প্রশাসন ব্যতিক্রমধর্মী এমন কর্মসূচি পালন করেছেন। মানুষকে এখন আর লক ডাউনের মাধ্যমে ঘরে বন্দি করে রাখা সম্ভব নয়। জীবিকার তাগিদে সবাই প্রতিনিয়ত কোন না কোন কাজের জন্য বের হচ্ছেন। তাই আমরা সাধারণ মানুষের কর্মের কথা চিন্তা করে স্বাস্থ্য সুরক্ষা রাখতে বিভিন্ন প্রচারণার মাধ্যমে এই কর্মসূচি পালন করে যাচ্ছি। এই মহামারী থেকে আমরা সবাই পরিত্রাণ পেতে পারি তাই জেলা প্রশাসনের গঠিত স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছি। অন্তঃত চাঁদপুর জেলার সব ধরনের জনসাধারণকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ ও সচেতন মূলক প্রচারণা করে যাচ্ছি।
তিনি আরো বলেন, শারীরিক দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক ব্যবহার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পারলেই করোনার ঝুঁকি থেকে খুব সহজেই রক্ষা পাওয়া যেতে পারে। তা না হলে এই পরিস্থিতিতে করোনায় আক্রান্ত হতে পারে। তাই আমরা মনে করি চাঁদপুরবাসী আমাদের এই আয়োজন দেখে তারা আরও সচেতন হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন, চাঁদপুরস্থ-ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও ইউএনবির মফস্বল সম্পাদক মো. শাহরিয়ার পলাশ, জেলা প্রশাসনের গঠিত স্বেচ্ছাসেবকদের মধ্যে মানববন্ধনে শৃংখলা ও সমন্বয় করেন প্রধান স্বেচ্ছাসেবক ওমর ফারুক, হানারচর ইউনিয়ন পরিষদ সচিব এমএ কুদ্দুস আখন রোকন, সেলিম রেজা, এস এম জাকির হোসেন, তাফাজ্জল হোসেন তাপু, মো. জাহিদুল হক মিলন, মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সোহান, নজির আহমেদ, কাউসারসহ চাঁদপুর পৌরসভার সব ওয়ার্ডের স্বেচ্ছাসেবকবৃন্দ।
১৩ জুলাই, ২০২০।