বালিয়ার জেলে কার্ডধারীদের টাকা ফেরৎ দিয়েছেন জাহিদ মেম্বার

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য জাহিদ হোসেন জেলেদের চাল বিতরণের নামে যে টাকা উঠিয়েছেন, সে টাকা তিনি ফেরৎ দিয়েছেন বলে জানিয়েছেন। তার ওয়ার্ডে ৮৪ জন জেলে থাকলে ও ৪১ জনের কাছ থেকে পরিষদের সিদ্ধান্ত মতে টাকা নিয়েছে। সে টাকা আবার নিজের পকেট থেকে ফেরত দিয়েছেন।
বালিয়ার জাহিদ মেম্বারের বিরুদ্ধে টাকার বিনিময়ে জেলে কার্ড বিতরণের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশানের নজরে আসে। এরপর সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিস ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়ার পর অভিযুক্ত জাহিদ মেম্বার নিবন্ধিত জেলেদের কাছ থেকে নেওয়া টাকা ফেরৎ প্রদান করেন। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর জেলেরা টাকা ফেরৎ পেয়েছে বলেন সাধারণ মানুষ জানিয়েছে।
গত ৬ মার্চ (রোববার) এ নিয়ে দৈনিক ইল্শেপাড়ে সংবাদ প্রথম প্রকাশ করেন, এরপর ৭ মার্চ ফের ঘটনার সত্যতা নিয়ে ইল্শেপাড় দ্বিতীয় সংবাদ প্রকাশ করলে বিষয়টি উপজেলা প্রশাসনের টেবিল থেকে জেলা প্রশাসকের টেবিল পর্যন্ত ঘটনাটি যায় বলে জানা যায়।
এ বিষয়ে জাহিদ মেম্বার জানান, আমার ওয়ার্ডে মোট ৮৪ জন জেলে রয়েছে। এদের মধ্যে ৪৩ জনের কাছ থেকে টাকা নেওয়া হয়নি, ৪১ জনের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে। সে টাকা তাদের ফেরৎ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, যানবাহনের যাতায়াতর খরচ বাবদ সরকার যে টাকা দেয় সে বিষয়ে চেয়ারম্যান তাদের জানাননি। তাহলে জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার প্রশ্নই উঠত না। জেলেদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে, তা শুধুই যানবাহনের খরচের জন্য নেওয়া হয়েছে।
টাকা নেওয়ার বিষয়টি সত্য বলে তিনি অকপটে স্বীকার করেন এবং বলেন, পরিষদের সিদ্ধান্ত মোতাবেক জেলেদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আবার চেয়ারম্যানের নির্দেশনায় টাকা ফেরৎ প্রদান করা হয়েছে। এখানে কোন কিছু লুকোচুরি করার বিষয় না।

১৪ মার্চ, ২০২২।