বালিয়ায় জনসাধারণের যাতায়াতের রাস্তা পুনরুদ্ধার

আল-আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর বালিয়া গ্রামের দীর্ঘদিন পর ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে রাস্তা পুনরুদ্ধার হয়েছে। এতে ঐ এলাকার লোকজনদের মাঝে আনন্দ বইছে। ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর বালিয়া শানু গাজীর বাড়ির সামনের এনজিও গ্রামীণ সমিতি থেকে সরকারি খালের উপর কালভার্ট পর্যন্ত প্রায় ১০০ মিটার বাড়ির যাতায়াতের রাস্তাটি এখন জনসাধারণের চলাচলে উন্মুক্ত। কিছু অসাধু ব্যাক্তি সরকারি রাস্তাটি নিজেদের বলে বন্ধ করে রাখে। অবশেষে ঐ এলাকার লোকজনদের অনুরোধে ইউপি চেয়ারম্যান মো. রফিকুল্লাহ পাটওয়ারীর হস্তক্ষেপে রাস্তাটি উদ্ধার হয়েছে। এ রাস্তাটি দিয়ে প্রায় ২ হাজার লোকের যাতায়াত।
এসময় মাসুদ গাজী, হাফেজ খাঁ, হানিফা গাজী, ইকবাল হোসেন, হানিফা রাঢ়ী, মহসিন বরকন্দাজ, শাহানারা বেগম হেলেনা বেগমসহ স্থানীয়রা জানান, এটা সরকারি রাস্তা, কিছু লোক দাবি করে তাদের। আমরা গত বছর ইউনিয়ন পরিষদ হতে এসি ল্যান্ড, ভূমি অফিস ও ইউএনও বরাবর দরখাস্ত করি। দীর্ঘ এক বছর পর আজ আমরা যাতায়াতের রাস্তাটি ফিরে পেলাম। এ রাস্তা দিয়ে রাত-দিন দৈনিক হাজার হাজার নারী-পুরুষ আসা যাওয়া করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে-মেয়েরা ও এখান দিয়ে আসা যাওয়া করে। এখানে একটি এনজিও গ্রামীণ সমিতি আছে। এ সমিতি প্রায় ২শ’ গ্রাহক একই রাস্তা দিয়ে আসা যাওয়া।
স্থানীয়রা আরো জানান, এ রাস্তাটি কয়েকটি বাড়ির যাতায়াতের একমাত্র পথ। কত কষ্ট হতো যাতায়াত করতে। বিশেষ করে বৃষ্টির মৌসুমে অনুপযোগী হয়ে যায়। এখানে দুই থেকে আড়াই হাজার লোকের চলাচল। কিছু অসাধু লোকের জন্য রাস্তাটি বন্ধ হয়ে যায়। অবশেষে আমরা আমাদের চেয়ারম্যানের সহযোগিতায় আজ নতুন রাস্তা পেয়ে সবাই খুবই খুশি।
এসময় ইউপি চেয়ারম্যান মো. রফিকুল্লাহ পাটওয়ারীর বলেন, এ রাস্তাটি নিয়ে দীর্ঘদিন উভয় পক্ষের মামলা চলমান ছিল। অবশেষে সবাই ইউনিয়ন পরিষদের শ্মরণাপন্ন হলে গত শুক্রবার সকাল ৯টায় সরেজমিনে গিয়ে ইউপি সদস্য মো. জাহিদ হাসান খান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব তালুকদারসহ এলাকাবাসীর উপস্থিতিতে রাস্তা ম্যাপ করে তাৎক্ষণিক রাস্তাটিতে নতুন মাটি কেটে দু’পাশে চওড়া করে দেওয়া হয়।

০৭ এপ্রিল, ২০২২।