বালিয়ায় টাকার বিনিময়ে জেলে কার্ড বিতরণের সত্যতা প্রমাণ

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের নিবন্ধিত জেলেদের কাছ থেকে টাকার বিনিময়ে জেলে কার্ড বিতরণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সদর উপজেলা মৎস্য অফিস সরজমিনে রোববার (৬ মার্চ) গিয়ে বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়েছে। দৈনিক ইল্শেপাড়ের শেষের পাতায় বালিয়ার জাহিদ মেম্বারের বিরুদ্ধে টাকার বিনিময়ে জেলে কার্ড বিতরণের অভিযোগ এ শিরোনামে সংবাদ প্রকাশের পর সদর উপজেলা মৎস্য অফিস বিষয়টি তদন্ত করেন। তদন্ত করে নিউজের সত্যতা পাওয়ায় তারা সংবাদকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, দৈনিক ইল্শেপাড়ে সংবাদ প্রকাশের সরজমির গিয়ে বিষয়টি নিয়ে অনুসন্ধান করা হয়েছে। তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে চাঁদপুর উপজেলা ইউএনওর কাছে ফাইল দেওয়া আছে। তদন্তের পর পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, মার্চ-এপ্রিল দুই মাস জেলেরা যাতে নদীতে জাটকা নিধনে না যায়, সেজন্য সরকার তাদের জেলে কার্ডের মাধ্যমে ৪০ কেজি করে চাল দিচ্ছে। যারা সরকারে কাজকে বদনাম করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিস জাটকা সংরক্ষণের জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে ব্যাপক পদক্ষেপ নিয়ে কাজ করছে। ইলিশ জাতীয় সম্পদ, তা রক্ষা করার জন্য সদর উপজেলা মৎস্য অফিস তৎপর রয়েছে। অভয়াশ্রমের সময় সদর উপজেলা মৎস্য অফিস নিরলসভাবে কাজ করছে।

০৭ মার্চ, ২০২২।