স্টাফ রিপোর্টার
চাঁদপুরে নাড়ি-ভূঁড়ি বের হওয়া অবস্থায় জন্ম নেয়া বিকলাঙ্গ ‘মোহাম্মদ’ নামের শিশুটির চিকিৎসা ব্যয়ের দায়িত্ব নিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। তাঁর তদারকি ও আর্থিক সহযোগিতায় ভালো এবং উন্নত চিকিৎসা সেবার পাশাপাশি অপারেশনের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে শিশু মুহাম্মদ।
জানা যায়, চাঁদপুর শহরের দক্ষিণ গুণরাজদী এলাকার মিলন গাজির স্ত্রী তাসলিমা বেগমের গর্ভ থেকে এই মোহাম্মদ নামের শিশুটি জন্মগ্রহণ করেন।
শিশুটির বড় চাচা সুমন গাজী জানান, ওই এলাকার নির্মাণ শ্রমিক মিলন গাজীর স্ত্রী তাসলিমা বেগমের গত ১৩ মে চাঁদপুর মা ও শিশু হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে শিশুটি জন্মগ্রহণ করে। জন্মের পর-পরই চিকিৎসকরা ওই শিশুর পেটের সাথে সংযুক্ত নাড়ী-ভুঁড়ি বের হওয়া বিষয়টি দেখতে পায়। কিন্তু শিশুটির এমন বিকৃত অবস্থা দেখে তার মা তাসলিমা আক্তার তাকে হাসপাতালে রেখেই তার বাবার বাড়ি চলে যায়। পরে তারা তাকে বাঁচানোর চেষ্টায় সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান।
সুমন গাজী আরো জানান, শিশু হাসপাতালের এক শিশু বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন শিশুটির পেটের সাথে সংযুক্ত বিরল প্রজাতির বিকৃত আকারের যে অংশটি রয়েছে সেটি হচ্ছে ক্যাস্ট্রোলা টিউমার। ভালো ও উন্নত চিকিৎসার মাধ্যমে তার অপারেশন করালে শিশুটিকে বাঁচানো সম্ভব হতে পারে। তবে এতে করে অনেক অর্থের প্রয়োজন। শিশু হাসপাতালের চিকিৎসক তাদের ওই হাসপাতলে শিশুটিকে ৩ মাস রেখে চিকিৎসা করানোর পর তার অপারেশন করানো যাবে বলে পরামর্শ দিয়েছেন।
কিন্তু তাদের তেমন সামর্থ্য না থাকায় তারা শিশুটিকে সেখান থেকে পুনরায় চাঁদপুরে নিয়ে আসেন।
এদিকে অসহায় পরিবারটি শিশুটির চিকিৎসার বিষয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সাথে যোগাযোগ করলে তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এ বিষয়ে আবু নঈম পাটওয়ারী দুলালের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, শিশুটির জন্ম নেওয়ার ক’দিন পর থেকেই পরিবারের লোকজন তার চিকিৎসা সেবার বিষয়ে তার সাথে যোগাযোগ করেন। এরপর তিনি ঢাকা এবং বৃহস্পতিবার সকালে তার প্রতিনিধি বাদলকে দিয়ে ওই শিশুটিকে প্রথমে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
তিনি আরো জানান, ২৮ মে সকালে অ্যাম্বুলেন্সযোগে শিশু মোহাম্মদকে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেখানে গতকাল শনিবার তার অপারেশন করার কথা বলে তিনি জানিয়েছেন।
৩০ মে, ২০২১।
