আজ মতলব দক্ষিণ উপজেলার উপ-নির্বাচন-২০২০
মাহফুজ মল্লিক
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে। মতলব দক্ষিণ উপজেলা ৬ ইউনিয়ন ও এক পৌরসভাসহ মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ১৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৮৮০ এবং নারী ভোটার ৮৫ হাজার ৩০১ জন। কেন্দ্র সংখ্যা ৫৭ টি, বুথ সংখ্যা ৪০০টি, সহকারী প্রিজাইডিং অফিসার ৪০০ জন ও পোলিং অফিসার ৮০০ জন।
নির্বানের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার ও ৪ জন পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া ২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ), ৬টি টিম র্যাব (র্যাপিড একশন ব্যাটালিয়ন), স্ট্রাইকিং ফোর্স এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে দু’দলের দুইজন প্রার্থী (আওয়ামী লীগ ও বিএনপি) প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের তফসিল ঘোষণা এবং প্রতীক পাওয়ার পর থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদকে মাঠে-ময়দানে ব্যাপক প্রচারণা করতে দেখা গেছে। তাঁর নির্বাচনী প্রতীক নৌকা।
অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এ উপজেলার সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস শুককুর পাটওয়ারী প্রতীক ধানের শীষ। তিনি গত রোববার এক বিবৃতিতে এই নির্বাচন বয়কট করেছেন বলে জানিয়েছেন।
কিন্তু প্রচারণায় থেমে ছিলেন না আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বিএইচএম কবির আহমেদ ও তার দলীয় নেতাকর্মীরা। প্রতিদিন কাকডাকা ভোর থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে নৌকা মার্কায় ভোট চেয়েছেন বিএইচএম কবির আহমেদ। প্রার্থী শুধু একাই প্রচারণা করেননি। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ, চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং মতলব দক্ষিণ উপজেলা, পৌরসভা,বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা স্বতস্ফূর্তভাবে ভোটারদের মন জয় করে নৌকার পক্ষে ভোট চেয়েছেন।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল। দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এ আসনের সাংসদ মো. নুরুল আমিন রুহুলের সম্মান রক্ষার্থে সবাই ঐক্যবদ্ধভাবে প্রচারণা করতে দেখা গেছে। নেতা-কর্মীদের বিশ্বাস আজ বিপুল ভোটের ব্যবধানে নৌকা মার্কার জয় হবে।
২০ অক্টোবর, ২০২০।
