বিজয় ফুল উৎসবে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ

বিজয় ফুল উৎসবের মাধ্যমে স্বাধীনতার চেতনা সমৃদ্ধ হবে
……………… মো. মাজেদুর রহমান খান
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বিজয় ফুল উৎসব-২০১৯ উদযাপনে বিজয় ফুল তৈরি ও অন্যান্য বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তার বক্তব্যে বলেন, বিজয় ফুল উৎসবের মাধ্যমে স্বাধীনতার চেতনা সমৃদ্ধ হবে। এর আগে এ জাতীয় উৎসবের কথা দেশের মানুষ জানত না। কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী অনেক দূরদর্শিতার সাথে রাষ্ট্র পরিচালনা করছেন। আজকের এই বিজয় ফুল উৎসবের মাধ্যমে তার দূরদর্শিতা ফুটে উঠছে। এদেশের মানুষকে উন্নতির শিখরে পৌঁছাতে ও স্বাধীনতার চেতনা প্রত্যেকটি মানুষের মাঝে জাগিয়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করছেন।
তিনি আরো বলেন, সরকার আগামি প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে উঠতে শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন করছে। যাতে করে আগামি প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস গৌরব ও ঐতিহ্যকে ধারণ করে যোগ্য হিসেবে গড়ে উঠতে পারে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার আয়াজ মাহমুদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।
পুরস্কার বিতরণী সভায় জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পর্যায়ে ৩টি গ্রুপে কবিতা, গল্প রচনা, কবিতা আবৃত্তি, একক অভিনয়, দলীয় সংগীত ও জাতীয় সংগীতসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
উল্লেখ্য, জেলা পর্যায়ের বিজয়ীরা চট্টগ্রামে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।