বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার নান্নু হাওলাদারের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, প্রথম শ্রেণির ঠিকাদার ও সমাজসেবক মো. নান্নু মিয়া হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজিউন)। গত রোববার রাত ৩টা ৪০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি ৬ ভাই, ৩ বোন, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের পালপাড়া বাইতুস ছালাহ জামে মসজিদে প্রাঙ্গণে। এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় মরহুম নান্নু মিয়া হাওলাদারের জীবন সম্পর্ক বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মরহুমের ছোট ভাই চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদার।
বাদ যোহর দোকানঘর এমদাদিয়া মাদরাসা প্রাঙ্গণে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে হাফেজ মো. সাঈদ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পারিবারিক কবরস্থানে তার পিতা প্রয়াত আব্দুর রহিম হাওলাদের পাশে দাফন করা হয়।
জানাজার আগে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাধ গ্রহণ করতে হবে। আমাদের সবাইকে বুঝতে হবে, আমাদের সবাই’র একদিন মৃত্যু হবে। সবাইকে এ পথে যেতে হবে। তাই আমাদের সবাইকে মৃত্যুর কথা চিন্তা করে সত্য ও ন্যায়ের পথে চলতে হবে। তিনি মরহুম নান্নু মিয়া হাওলাদার সম্পর্কে বলতে গিয়ে বলেন, তিনি অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তিনি এ সমাজের অনেককে সহায়তা করতেন বলে আমার জানা রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করতে বলে আমি জানি। তাকে যেন খোদা জান্নাতবাসী করেন সেজন্য সবার কাছে দোয়া করার আহবান জানান।
চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, মরহুম নান্নু মিয়া হাওলাদারের জানাজায় মানুষের উপস্থিতি দেখে প্রমান করে তিনি একজন ভাল মানুষ ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সকল কাজে সহযোগিতা করতেন বলে আমি জানি। তিনি সত্যিকার অর্থে একজন ভাল মানুষ ছিলেন এবং সমাজ সেবক ছিলেন। সব শ্রেণী পেশার মানুষকে সহায়তা দিয়েছেন। করোনার সময় আমার কিউআরসি সংস্থাকে সহযোগিতা করেছেন। তার পরিবারের সাথে আমার দীর্ঘ কাল থেকে ভাল সম্পর্ক রয়েছে। তিনি সবাইকে সহায়তা করতেন। তিনি আরো বলেন, আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়েত দান করার জন্য খোদার কাছে দোয়া কামনা করেন।
জানাজায় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু মাঝি, নেতা আলহাজ ওমর পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, যুগ্ম সম্পাদক রিয়াদ ফেরদৌস, লক্ষীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. হাফেজ বেপারী, চাঁদপুর জেলা জাকের পাটির সভাপতি কাজী মাহাবুবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, সাবেক প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, হানারচর ইউপি চেয়ারনম্যান হাজী আব্দুর ছাত্তার রাঢ়ী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফেরদৌস মুরশেদ জুয়েল, বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন মিলনসহ আরো অনেক।
বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মো. নান্নু মিয়া হাওলাদার হাসপাতালে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি করোনা আক্রান্ত হয়ে ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ায় তার লিভারে মারাত্মক সমস্যা দেখা দেয়। যার ফলে তিনি দেশে ও ভারতে চিকিৎসা নেন। দীর্ঘদিন যাবত তিনি লিভারের চিকিৎসার পরও লিভার সিরোসিসে মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, মরহুম মো. নান্নু মিয়া হাওলাদার বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক, চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সভাপতি ও চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদারের বড় ভাই।

২১ ডিসেম্বর, ২০২১।