স্টাফ রিপোর্টার
গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর শহরের বেগম জামে মসজিদের খতিবের অফিস কক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে জানানো হয়, গত ২৫ জুলাই বিষ্ণুদী ইমানীয়া জামে মসজিদের ইমাম মো. ইউসুফ খানের সাথে মো. মেহেদী হাসান গংয়ের সাথে ভুল বুঝাবুঝির কারণে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। ঐ ঘটনার প্রেক্ষিতে সাইফুল ইসলাম খান বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি দরখাস্ত মামলা করেন। দরখাস্ত মামলাটি তদন্ত হয়ে জি.আর ৪৭৬/২২ হিসেবে চাঁদপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে বিচারাধীন আছে। অতঃপর বাদী-বিবাদী পক্ষ ও স্থানীয় ওলামা প্রতিনিধিরা সামাজিকভাবে ঘটনার সমাধানের পক্ষে একমত হয়ে চাঁদপুর পৌরসভার মেয়রকে জানান। তিনি ঐ মামলা সম্পর্কে ভালোভাবে জানার জন্য প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইনকে দায়িত্ব দেন। প্যানেল মেয়র মামলার মর্ম জেনে বাদী বিবাদী উভয় পক্ষকে ডেকে এবং চাঁদপুরের আলেম সমাজের নেতৃবৃন্দকে নিয়ে চাঁদপুর পৌরসভায় মেয়রের অফিসে উপস্থিত হন। মেয়রের সবার সম্মতি ও উপস্থিতিতে স্থানীয়ভাবে সন্তোষজনক বিচার করে আপোষ-মীমাংসা করে দেন। এতে বাদী ও ভিকটিমসহ স্থানীয় গণ্যমান্য সালিস ও ওলামারা সন্তোষ প্রকাশ করেন।
ফলস্বরূপ বাদী, বিবাদী ও ভিকটিম একমত হন যে, উভয়পক্ষের কারো প্রতি কারো আর কোনো অভিযোগ নেই এবং বাদী আমলী আদালতে চলমান মামলাটি আর পরিচালনা করবেন না। মামলার বাদী আপোষ মীমাংসার স্বার্থে মামলাটি প্রত্যাহার করে নিবেন এবং উভয়পক্ষ শান্তিপূর্ণভাবে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে চলবেন।
সালিসে স্থানীয় সালিস হিসেবে উপস্থিত ব্যক্তিরা হচ্ছেন- চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. শহিদুল্লাহ খান, চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. সফিকুল ইসলাম, চাঁদপুর জেলা কওমী সংগঠনের পক্ষে সিনিয়র সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সহ-সভপতি মাও. নুরুল আমিন জিহাদী, সাধারণ সম্পাদক মাও. লিয়াকত হোসাইন, যুগ্ম সম্পাদক মুফতি মাহবুবুর রহমান ও প্রচার সম্পাদক হাফেজ আবুল হাসানাত, ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ চাঁদপুর-এর আহ্বায়ক হাফেজ মাও. ওবায়েদুল্লাহ, মো. জাহাঙ্গীর হোসেন বেপারী, কমিউনিটি পুলিশিং চাঁদপুর সদর উপজেলার সভাপতি সালেহ উদ্দিন জিন্নাহ, কমিউনিটি পুলিশিং অঞ্চল-১৪ অঞ্চল (বাবরহাট)-এর সভাপতি আলহাজ মো. দোলোয়ার হোসেন ঢালী, কমিউনিটি পুলিশিং অঞ্চল-১৩ এর প্রচার সম্পাদক আ. হান্নান ঢালী। এছাড়া আরও অন্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় অন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কওমী সংগঠনের নেতৃবৃন্দ, বিষ্ণুদী ইমানিয়া জামে মসজিদের ইমাম মাও. মো. ইউসুফ খান, মামলার বাদী সাইফুল ইসলাম খান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সহ-সভাপতি রহিম বাদশা, যুগ্ম-সম্পাদক ও দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক মতলবের আলোর প্রধান সম্পাদক কেএম মাসুদসহ অনেক গণমাধ্যমকর্মী।
২১ আগস্ট, ২০২২।
