ভাষাবীর এমএ ওয়াদুদ পিসিআর ল্যাব কর্মকর্তাদের বিদায় অনুষ্ঠান

চিকিৎসকদের এই ভূমিকা আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে
………..আব্দুল্লাহ আল মাহমুদ জামান

শাহ আলম খান
ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট আরটি পিসিআর ল্যাবের কর্মরত চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় হতে আগত কর্মকর্তাদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চাঁদপুর মেডিকেল কলেজ ও চাঁদপুর সিভিল সার্জনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় তিনি বলেন, আজ যারা বিদায় নিচ্ছে করোনাকালে এই চিকিৎসকদের ভূমিকা আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। কারণ, তারা এই করোনাকালে যেভাবে আমাদের সেবা দিয়েছে। আর জীবনের প্রথম সবকিছুতো এমনিতেই স্মরণীয়। আগে মানুষ স্যাম্পল দেওয়ার পর রিপোর্ট পেতে যে সমস্যা হতো। এই ল্যাব স্থাপনের পর সেই সমস্যা এখন আর নেই। এজন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও ডা. জে আর ওয়াদুদ টিপুকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, আমরা আশা করি এই টিমের সদস্যরা এখান থেকে চলে গেলেও তারা অনলাইনের মাধ্যমে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবেন। প্রথম থেকেই এই টিমের কার্যক্রম আমাদের মুগ্ধ করেছে। ওনারা খুবই দায়িত্বশীল।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ’র সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাউসার হিমেলের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জামাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, চাঁদপুর জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডা. এসএস শহিদুল্লাহ, বিএমএ’র বর্তমান সভাপতি ডা. মোহাম্মদ নুরুল হুদা, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, শিক্ষামন্ত্রীর চাঁদপুর প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, বিদায়ী অতিথি ডা. ত্রিদীব দাস।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন খান, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সদস্য সঞ্জিত পোদ্দারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
৩ সেপ্টেম্বর, ২০২০।