স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোডে ভেকু দিয়ে মাটি খনন করায় মুক্তিযোদ্ধা হাজি আব্দুর রশিদ খানের মালিকানাধীন নাহার ভবনে
ফাঁটল দেখা দেয়ায় আতংকের সৃষ্টি হয়েছে। এ খবর শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। সোমবার (২২ মার্চ) দুপুর ১২টায় রাস্তা থেকে ভবন দেবে যাচ্ছে এই ধরনের চিৎকার করলে ভবনে থাকা লোকজন দ্রুত বেড়িয়ে আসেন এবং মালামাল অন্যত্র সড়িয়ে নেন।
খবর শুনে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, নির্বাহী প্রকৌশলী এএইচএম শামসুদ্দৌহা, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মেহেদী হাসান মানিক, চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ, চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তন্ময়সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, গত রোবরার রাত ৯টার দিকে নূর মোহাম্মদ দর্জির ১০ শতাংশ ভূমির উপর ভেকু দিয়ে ১০ ফিট মাটি খনন করার কাজ চলছিল। হঠাৎ পাশের ৪ তলা বিশিষ্ট নাহার ভবনের বিভিন্ন অংশে ফাঁটল দেখা দেয়।
নাহার ভবনের মালিক মুক্তিযোদ্ধা হাজি মো. আব্দুর রশিদ খানের ছেলে জসিম উদ্দিন জানান, ভবন করার নামে দিনরাত ২৪ ঘণ্টা ভেকুর কাজ চলছিল। আমরা বাসায় থাকা লোকজন প্রথমে মনে করেছিলাম হয়তো ভূমিকম্প হয়েছে। পরে নিচে এসে ঘটনাটি বুঝতে পেরে দ্রুত বাড়ির সবাইকে নিয়ে বাইরে চলে আসি। রাতে বাড়ির বাইরে ছিলাম। সকালে সবাই আবার বাড়িতে চলে আসি। দুপুর ১২টায় আবার ফাঁটল দেখা দেয়।
নূর মোহাম্মদ দর্জি বলেন, আমার জায়গার ভেতরে নাহার ভবনের ২ ফিট ও নিচের ব্যাজের ২ ফুট রয়েছে।
মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল জানান, গণপূর্ত ও পৌরসভার ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা উভয়ের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করবে। সেখানে কোন ত্রুটি থাকলে মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। তাৎক্ষণিক ভেকুটি জব্দ করা হয়েছে। আর নতুন ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ৪ তলা ভবনের লোকজনদের অন্যত্র সরে যাওয়ার জন্য বলা হয়েছে।
২৩ মার্চ, ২০২১।
