মতলবগঞ্জ পাইলট বালিকা উবিতে বই বিতরণ


বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া আ.লীগের বড় সাফল্য
………..অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি


মাহফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক তুলে দেয়া আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সাফল্য। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সারা দেশের স্কুলগুলোতে নতুন বই তুলে দেয়ার উচ্ছ্বাসে আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থীরা।
তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার যথাসময়ে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক তুলে দেয়ার কারণে দেশে শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন আর দেশে নিরক্ষরতা নেই। বিগত ২০১০ থেকে ২০২০ শিক্ষাবর্ষে মোট ৪৩ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৭৩৯ জন শিক্ষার্থীদের মধ্যে ৩৩১ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৩৬৯ টি বই বিনামূলে বিতরণ করা হয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত কয়েক বছর ধরেই প্রাক-প্রাথমিক স্তর থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করে আসছে। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক মুজাহের হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন।
পরে বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে পাঠ্যপুস্তক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের আগে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।