মাহফুজ মল্লিক
এক ঠিকাদারের গাফিলতির কারণে বয়স্ক অসহায় ব্যক্তির শেষ সম্বল ভিটা-বাড়ি বিলীনের পথে। বসে বসে কান্নাই তার সম্বল। মতলব পৌরসভার বরদিয়া আড়ং বাজারের দক্ষিণে সাবেক স্টিলের ব্রিজ বর্তমানে নির্মাণাধীন নতুন ব্রিজ সংলগ্ন খালের পশ্চিমপাড় মোবারকদি এলাকায় এ ঘটনাটি ঘটছে।
সরেজমিনে জানা যায়, প্রায় ৪ বছর আগে আলহাজ ইলিয়াস ঢালী (৫৮) এর একমাত্র কর্মক্ষম সন্তান মাসুম প্রবাসে মারা যায়। সেখান থেকে তিনি কিছু টাকা পান। সেই টাকা দিয়ে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর থেকে মোবারকদী মৌজার আড়ং বাজারের দক্ষিণ দিকে ব্রিজ সংলগ্ন খালের পাড় জমি কিনে একট বাড়ি তৈরী করে বসবাস করে আসছেন। সম্প্রতি চাঁদপুর-মতলব সড়কের আড়ং বাজার সংলগ্ন স্টিলের ব্রিজটি ভেঙ্গে নতুন করে নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার। ব্রিজটি করতে গিয়ে পশ্চিম পাশে খালে একটি বাঁধ দেয়া হয়। ব্রিজের কাজ শেষ হওয়ার পর খালের মাঝে করা বাঁধটি অপসারণ না করায় জোয়ার-ভাটার প্রবল স্রোতে খালের পশ্চিম পাশে গড়ে ওঠা বাড়িটি ভেঙ্গে যায়।
সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বললে জানান, ইলিয়াস ঢালী বহুবার ঠিকাদারের লোকজনের সাথে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানালেও কোন কর্ণপাত করেনি তারা। তাই তিনি প্রতিদিন বসে বসে কান্না করে আর আল্লাহকে ডাকেন। ঠিকাদারের দেয়া দায়িত্ব পালনকারী মো. মোস্তফিজুর রহমান ও আলম সরকারসহ অন্যান্যরা সেই বাঁধ অপসারণে কোন ব্যবস্থা না নেয়ায় ঐ বাড়িটি বিলীন হয়ে যাচ্ছে।
ইসমাইল ঢালী বলেন, আমি বৃদ্ধ মানুষ, রোজগার করার মত আমার কেউ নাই। এক ছেলে বিদেশে মারা গেছে। সেখান থেকে পাওয়া টাকা দিয়েই এ বাড়িটি করেছি। ঠিকাদারকে বহুবার বলেছি এবং তার নিয়োগ করা সহকারী ঠিকাদারকেও বলেছি। তারা আমার কথার কোনো গুরুত্বই দেয়নি। এখন সরকারের কাছে আমার আকুতি, আমার বাড়িটি রক্ষা করার ব্যবস্থা করে দিন।
ঠিকাদার মোস্তাফিজুর রহমান বলেন, মাটি অপসারণের কাজ আমাদের। কিন্তু হঠাৎ পানি বৃদ্ধির কারণে সম্ভব হয়নি। বিষয়টি আমি এসে ব্যবস্থা নেবো।
৭ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলবে অসহায় বৃদ্ধের বাড়ি বিলীনের পথে
Post navigation
