মতলবে ইসলাম নিয়ে ফেসবুকে কটূক্তি করায় আটক ২

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় মসজিদে নামাজ পড়া, মসজিদের ইমাম ও ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে দুই তরুণকে আটক করা হয়েছে। গত শুক্রবার (১৫ মে) রাত ১১টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরী গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটকরা হলেন- সুমন চন্দ্র বিশ্বাস (২৬) ও অধীর চন্দ্র মল্লিক (২৭)। তাদের বাড়ি ওই উপজেলার লামচরী গ্রামে।
মতলব দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, ক’দিন ধরে ‘পথিক সুমন’ নামের একটি আইডি থেকে সুমন চন্দ্র বিশ্বাস মসজিদে নামাজ পড়া, মসজিদের ইমাম, মৌলভী (হুজুর) ও ইসলাম ধর্ম নিয়ে কটূ মন্তব্য লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) স্ট্যাটাস দিয়ে আসছেন। তার ওই স্ট্যাটাসে নেতিবাচক মন্তব্য করেন অধীর চন্দ্র মল্লিক নামের অপর এক তরুণ।
মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে নেতিবাচক স্ট্যাটাস ও মন্তব্য ছেড়ে দেওয়ার পর বিষয়টি ওই ধর্মের অনুসারীদের অনুভূতিতে আঘাত হানে। গত শুক্রবার ওই ধর্মের একাধিক ব্যক্তি তার কাছে এ ব্যাপারে মুঠোফোনের মাধ্যমে অভিযোগ করেন। ওই অভিযোগের তদন্ত করে ঘটনাটির সত্যতা পাওয়া যায়। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই তরুণকে তাদের বাড়ি থেকে আটক করে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

১৬ মে, ২০২০।