মতলবে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় ধর্ষক আটক

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি গ্রামে ১১ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়। গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মতলব পৌরসভা চরমুকুন্দী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন ধর্ষিতা কিশোরীর মা। পুলিশ এই রাতেই সাব্বির আলম নামে এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর সংশোধানাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ওই কিশোরের বাড়ি উপজেলার মতলব পৌরসভার চরমুকুন্দি গ্রামে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। সে চরমুকুন্দি গ্রামের আবু সাঈদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ওই কিশোরী গত রোববার একই এলাকায় তাঁর নানার বাড়িতে বেড়াতে যায়। ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় কিশোর সাব্বির কিশোরীকে ফুঁসলিয়ে নানার বাড়ির দু’টি বসতঘরের মাঝখানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ছাত্রীটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সাব্বির দৌঁড়ে পালিয়ে যায়।
ছাত্রীটির স্বজনরা প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও সমঝোতায় পৌঁছাতে পারেননি। পরে মঙ্গলবার রাত আটটায় ছাত্রীটির মা বাদী হয়ে ওই কিশোরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। কিশোরীর মা বলেন, অভিযুক্ত সাব্বির এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তার মেয়ের ইজ্জত নষ্ট হয়েছে এ ঘটনায়। এজন্য থানায় ছেলেটির বিরুদ্ধে মামলা করেছেন। তার কঠোর শাস্তি হওয়া দরকার।
থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, মঙ্গলবার রাত ১০টায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে চাঁদপুর বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত তাকে গাজীপুরের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। কিশোরীকে চাঁদপুর সদর হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা শেষে তাকেও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।
২৫ অক্টোবর, ২০২০।