মতলবে হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণ ব্যুরো
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নূরুল আমিন রুহুল বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের উপজেলা সদরে মডেল মসজিদ ও ইসলামি রিসার্চ কেন্দ্র নির্মাণের কাজ করছেন। এর মধ্যে বেশিরভাগ মসজিদের কাজ শেষ হওয়ায় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। বাকিগুলোও কিছুদিনের মধ্যেই উদ্বোধন করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদরাসার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউ-েশন প্রতিষ্ঠা করেছিলেন। আর ওনার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মডেল মসজিদ ও ইসলামি রিসার্চ কেন্দ্র নির্মাণ করলেন। এছাড়া সকল কওমি মাদরাসার শিক্ষার্থীদের সর্বশেষ সনদকে মাস্টার্স সমমানের মর্যাদা দিয়েছেন। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আগামি নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
গত শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইসরাফিল হজ কাফেলার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ঐ কথাগুলো বলেন।
হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মুফতি মোরশেদ আলম সিরাজীর সভাপতিত্বে এবং ইসরাফিল হজ কাফেলার পরিচালক ও মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, মতলব উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি আক্তার হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন নিউ হোস্টেল জামে মসজিদের পেশ ইমাম মাও. শাহাদাত হোসেন, আশ্বিনপুর জামিয়া মুহাম্মদিয়া হাফেজিয়া মাদরাসার মুহতামিম মাও. মো. নাছির উদ্দীন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল দেওয়ান, সদস্য আশরাফুল জাহান শাওলিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনকারী দগরপুর মাদরাসার ছাত্র আবু রায়হানকে নগদ ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী তাহফিজুল উম্মাহ হাফেজিয়া মাদরাসার ছাত্র হাফেজ মিনহাজ আহমেদ তামিমকে ৮ হাজার টাকা ও তৃতীয় স্থান অর্জনকারী পশ্চিম বাইশপুর হাফেজিয়া মাদরাসার ছাত্র হাফেজ মো. গোলাম রাব্বানীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। প্রথম ১০ জনের বাকি সাতজনকে ২ হাজার টাকা করে দেয়া হয় ও তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে সনদপত্র, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ইমাম-মুয়াজ্জিনদেরও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন পিএইচপি কুরআনের আলো প্রতিভা সন্ধানের জেলা প্রতিনিধি ক্বারী এইচএম মাইনুদ্দীন খান ইসলামাবাদী, কেএফটি কলেজিয়েট স্কুলের ইসলামিক স্টাডিজের প্রভাষক হাফেজ মো. নেয়ামত উল্লাহ, চাঁদপুর সদরের জামিয়া হাফেজিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মো. রুহুল হাসান।

১৭ এপ্রিল, ২০২৩।