মতলবে ২৫ লক্ষাধিক টাকা নিয়ে ‘নগদ’ কর্মকর্তা উধাও

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় অভিনব কায়দায় গ্রাহকদের ২৫ লক্ষাধিক টাকা নিয়ে ‘নগদ’-এর ডিস্টিভিউশন সেলস অফিসার রিয়াদ হোসেন জনি মিয়াজি উধাও হয়ে গেছে। সে ‘নগদ’ মতলবের এমএস আবুল খায়ের সিদ্দিকীর ডিলারের ডিএমও পদে প্রায় ৪ মাস যাবৎ চাকরি করে আসছে।
নগদ মতলবের ডিলার এসএম আবুল খায়ের সিদ্দিকী বলেন, গত ৬ এপ্রিল সকাল ৯টায় নগদ-এর মতলব এজেন্ট অফিস থেকে প্রায় ২৫ লক্ষাধিক টাকা নিয়ে মতলবের বিভিন্ন এজেন্টদের উদ্দেশ্য বের হন। ওইদিন রাত ৯টার মধ্যে অফিসে না আসায় তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করা হলে নানা ধরনের অজুহাত দিয়ে বলে এজেন্টরা টাকা দিতে বিলম্ব করছে, তাই আসতে দেরি হচ্ছে। পরদিন শুক্রবার পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল নম্বরটি সচল থাকলেও শনিবার থেকে বন্ধ পাওয়া যায়।
পরে তিনি মতলব দক্ষিণ থানায় ডিএমও রিয়াদ হোসেন জনি মিয়াজির বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

১১ এপ্রিল, ২০২৩।