মতলব উত্তরের সরদারকান্দি রাস্তার বেহাল দশা

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি (বাদামতলী বাজার) থেকে শুরু করে দক্ষিণ সরদারকান্দি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়েছে। সেই সাথে রাস্তাটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এসব পাকা রাস্তায় প্রায় সবটুকু জায়গার কার্পেটিং উঠে গিয়ে হাজারো গর্ত সৃষ্টি হয়েছে। সেই সাথে রাস্তা চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁঁকি নিয়ে ওই এলাকার হাজারো মানুষ ও যানবাহন এই পথেই চলাচল করছে। রাস্তায় চলতে গিয়ে হরহামেশা দুর্ঘটনার শিকারও হচ্ছেন অনেকে। এলাকাবাসীরা গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামতের জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) বিভাগের আওতাধীন ২০০২ সালে জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি কার্পেটিং করা হয়। দীর্ঘদিন এ রাস্তাটি সংস্কার না হওয়ায় সম্পূর্ণরুপে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। কার্পেটিং উঠে গিয়ে ইট-সুড়কি বেরিয়ে পড়েছে। যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। সড়কের দু’পাশে মাঝে-মধ্যে ভেঙ্গে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। প্রতিদিন অসংখ্য সিএনজি, চার্জার অটো, রিকশাসহ বিভিন্ন যানবাহনে মানুষ চলাচল করে। স্কুুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাস্তাটিতে চলতে গিয়ে পথচারীদের যেমন সময়ের অপচয় হচ্ছে ঠিক তেমনি রয়েছে জীবনের ঝুঁকি। সরকারিভাবে মেরামতের উদ্যোগ নেয়া হচ্ছে না, রাস্তাটিতে যেন নজর পড়ছে না কারোরই।
এ ব্যাপারে সিএনজি চালক খোকন মোল্লা বলেন, আমাদের এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে টাকা রোজগার করতে খুব কষ্ট হয়। তারপরও যা রোজগার করি তার বেশির অংশই চলে যায় ভাঙা রাস্তার জন্য গাড়ি মেরামতেই।
অন্যদিকে কলেজ পড়ুয়া ছাত্রী সোনিয়া বলেন, রাস্তার এই বেহাল দশার জন্য আমাদের কলেজে যেতে অনেক ভোগান্তির শিকার হতে হয়। যাতায়াতের জন্য গাড়ি পাওয়া যায় না। অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য হাসপাতাল বা ক্লিনিকে নিতে বিপাকে পরতে হয় আমাদের। এই সড়কটাকে সংস্কার করে যাতায়াতের সুু-ব্যবস্থা নিশ্চিত করাই এলাকাবাসীর একমাত্র দাবি।

২২ জুলাই, ২০১৯।