হাজীগঞ্জে ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

পরিবারকে সুশিক্ষিত করতে হলে শিক্ষাক্ষেত্রে নারীকে অগ্রাধিকার দিতে হবে
…………..ইউএনও বৈশাখী বড়ুয়া

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে এই প্রথম ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের স্থানীয় ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত দূরবর্তী ছাত্রীদের মাঝে এ বাই-সাইকেল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া। হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ২২ জন ছাত্রীর মাঝে এই বাই-সাইকেল বিতরণ করা হয়।
নারী শিক্ষার প্রসারে ইউনিয়ন পরিষদের এ প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া বলেন, উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে এবং ব্যক্তি, পরিবার সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নে নারী শিক্ষার বিকল্প নেই। কারণ দেশের জনগোষ্ঠির অর্ধেক হচ্ছে নারী। এ অর্ধেক জনগোষ্ঠিকে শিক্ষার বাইরে রেখে, সমাজের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়।
তিনি আরো বলেন, মা শিক্ষিত হলে, পরিবার সু-শিক্ষিত হবে। আর পরিবারকে সু-শিক্ষিত করতে হলে, শিক্ষা ক্ষেত্রে নারীকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে। যার সুফল ইতোমধ্যে আমরা পেয়েছি। দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সংসদের স্পিকার, বিচারক, সচিব থেকে শুরু করে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে নারীদের জয়-জয়কার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না বেগমের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন লিচু, দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আমিনুল হক বাবলু ও মাসুদ আহমেদ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারুক আহমেদের পরিচালনায় অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষার্থী নাজমুন নাহার আঁখি, খাদিজা আক্তার, ফারহানা আক্তার, সাবরিনা আক্তার ও সানজিদা আক্তার। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

২২ জুলাই, ২০১৯।