মতলব এক্সপ্রেস ও ইজিবাইক সংঘর্ষে হতাহত ৭

মাহফুজ মল্লিক
মতলব-গৌরীপুর-পেন্নাই সড়কের কানাছোঁয়া এলাকায় মতলব একপ্রেস বাস ও ইজিবাইক সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে পিংকি দাস (১৪) নামের এক যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো ৬ যাত্রী গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে দাউদকান্দির কানাছোঁয়া ব্রিক ফিল্ডের পাশে ‘মতলব এক্সপ্রেস’ বাস অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও মতলব এক্সপ্রেস দাউদকান্দি অফিস এবং যাত্রীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মতলব এক্সপ্রেস (ঢাকা ঝ ১৪-০২৬২) বাসটি কানাছোঁয়া ব্রিকফিল্ডের কাছে এলে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের সাথে সংঘর্ষ হয়। এসময় বাসটি গতি হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ইজিবাইকে থাকা যাত্রীদের মধ্যে ১ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। নিহত যাত্রীর নাম পিঙ্কি দাস (১৪)। সে কানাছোঁয়া গ্রামের কার্তিক দাসের মেয়ে।
দুর্ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে কানাছোঁয়ার শাহ আলমের মেয়ে আন্না (১৩) ও ফজল হকের ছেলে আবুল হোসেন (৪০)। বাকি চার জনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা দাউদকান্দি সরকারি হাসপাতাল ও গৌরীপুরের একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশন জানায়, স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত পিংকি ইজি বাইকের যাত্রী ছিলেন।

১৩ অক্টোবর, ২০২১।