মতলব দক্ষিণে এসএসসি পরীক্ষার্থীর হাত পা বেঁধে দুর্ধর্ষ চুরি

স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে এসএসসি পরীক্ষার্থীর হাত পা বেঁধে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার নারায়ণপুর মীর বাড়ির সামনে গরুর বাজার সংলগ্ন আবাসিক এলাকায় নারায়ণপুর বাজারের ঔষধ ব্যবসায়ী মো. খোরশেদ আলমের নিজ বাসায় সংঘবদ্ধ চোরের দল এ ঘটনা ঘটায়।
সরেজমিনে জানা যায়, ঘটনার সময় খোরশেদ আলমের ছেলে এসএসসি পরীক্ষার্থী তাকরিম হাসান বাসায় একা ছিলেন। পানি খাওয়ার কথা বলে ২০ থেকে ২২ বছর বয়সের দুই জন চোর ঘরে ঢুকে পড়ে। এসময় তারা তাকরিম হাসানকে পেছন থেকে ধরে আটকে ফেলে। পরে আরও দুইজন চোর ঘরে ঢুকে। চারজন মিলে তাকরিমের হাত পা বেঁধে বাসায় থাকা আলমারি এবং ওয়ারড্রব ভেঙ্গে নগদ আড়াই লাখ টাকা ও আড়াইভরি স্বর্ণারংকার লুট করে নিয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পরে তাকরিমের নানী এসে হাত পা বাঁধা অবস্থায় তাকে দেখে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকরিমকে উদ্ধার করে।
তাকরিম জানায় টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার সময় চোরের দল ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়। এ ঘটনা জানাজানি হলে আরও বড় ক্ষতি করা হবে বলে হুমকি দিয়ে যায় চোরের দল।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার আইচ জানান, চুরির বিষয়টি আমাকে এখনো কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।