মতলব দক্ষিণে নারী সমাবেশ

মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় কৃষিকাজ ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে নারীদের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বেলা ১২টায় নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া গ্রামে সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও তথ্যসেবা কার্যালয় সমাবেশটির আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সট্রাকটর রাশেদা আতিক রোজী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা খাতুন এবং স্থানীয় বেশ কয়েকজন গৃহবধূ।
ইউএনও ফাহমিদা হক বলেন, গ্রামের দরিদ্র, বেকার ও অসহায় নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচিত হয় সমাবেশটিতে। এসব নারীকে সহজ শর্তে ক্ষুদ্রঋণ প্রদানের বিষয়টি নিয়েও আলোচনা করা হয় সেখানে।
নারী সমাবেশে বিভিন্ন এলাকার ষাটজন নারী অংশ নেন।