মতলব দক্ষিণে সরকারি চাল কালোবাজারে বিক্রির দায়ে ডিলারশিপ বাতিল

২ লাখ টাকা জরিমানা

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় বিশেষ বরাদ্দকৃত ওএমএস’র ৩শ’ কেজি চাল অবৈধভাবে (কালোবাজারে) বিক্রির দায়ে ডিলারশিপ বাতিল করে দু’জনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় ঘোষণা করেন। পরে ডিলার মো. জাহাঙ্গীর সরকার ও মাকসুদ পাটোয়ারীর নামে মামলা করেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আইয়ুব আলী।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে খাদ্য মন্ত্রণালয় থেকে গত মে মাসে ওএমএস’র ৪৮ টন চালের বিশেষ বরাদ্দ আসে। মতলব পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ডিলার এবং উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর সরকার নিয়ম লঙ্ঘন করে গোপনে আজ বেলা ১১টায় কলাদী এলাকায় তিন কার্ডবিহীন ক্রেতার কাছে ৩০ টাকা কেজি দরে ওই চাল বিক্রি করছিলেন। খবর পেয়ে ইউএনও ফাহমিদা হক ও উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আইয়ুব আলী সেখানে অভিযান চালান এবং হাতেনাতে ওই ডিলার ও তার সহযোগী মাকসুদ পাটোয়ারীকে আটক করেন। তাদের কাছ থেকে জব্দ করেন ৫০ কেজি ওজনের ৬ বস্তা চাল। বিকেল সাড়ে তিনটায় ইউএনও’র কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ডিলার ও তার সহযোগীকে এক লাখ করে মোট দু’লাখ টাকার জরিমানা করা হয়। বাতিল করা হয় ওই ডিলারের ডিলারশিপও। পরে খাদ্য কর্মকর্তা বাদী হয়ে ওই দু’জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
অভিযোগের ব্যাপারে জাহাঙ্গীর সরকার ও মাকসুদ পাটোয়ারীর মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে ইউএনও ফাহমিদা হক বলেন, খোলা বাজারে ওএমএস’র চাল বিক্রি না করে অবৈধভাবে বেশি দামে গোপনে কালোবাজারে চাল চাল বিক্রি করায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর সরকার ও মাকসুদকে আটক করা হয়। তাদের দু’লাখ টাকা জরিমানা করে ডিলারশিপ বাতিল করা হয়। দু’জনের নামে মামলা করেন খাদ্য কর্মকর্তা মো. আইয়ুব আলী।

০৮ জুন, ২০২০।