মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণে পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৩৫) নামে এক অটোচালক নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অটোরিকসায় থাকা যাত্রী সুলতানা আক্তার (২৫)। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের খর্গপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার খর্গপুর থেকে নারায়ণপুর বাজারের উদ্দেশে ছেড়ে আসা ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে সিলিন্ডার গ্যাসের বোতল বোঝাই একটি পিকআপ ভ্যান নারায়ণপুর বাজার থেকে নায়েরগাঁও এর দিকে যাওয়ার পথে খর্গপুর নামক স্থানে পিকআপটি দ্রুতগতিতে সিএনজির সাথে ওভারটেক করার সময় অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মকভাবে আহত হন অটোরিক্সা চালক মো. নুরুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এসময় অটোরিক্সায় থাকা যাত্রী সুলতানা আক্তার (২৫) আহত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পিকআপের ড্রাইভার টিপু সুলতান (২২) এবং হেলপার ফয়সাল আহম্মেদ পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে পিকআপ ভ্যানের চালক টিপু সুলতানকে আটক করে।
এদিকে গুরুতর আহত অবস্থায় অটোরিক্সার যাত্রী সুলতানা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহত নুরুল ইসলাম মতলব উত্তর উপজেলার টরকি গ্রামের মজিবুর রহমানের ছেলে। সে মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের পোস্টমাস্টার বাড়িতে (শ্বশুর বাড়ি) থাকতো।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, নিহত অটোচালকের লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য পাঠানো হয়েছে। পিকআপ ভ্যান ও অটোরিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
২৫ নভেম্বর, ২০২০।
