মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মতলব পৌরসভার মোবারকদী এলাকা থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটকরা হচ্ছে- কুমিল্লা জেলার বাটপাড়া এলাকার মামুন মিয়ার ছেলে জিহাদ (১৯), জগতপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মিশু (২২), একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে শাহজালাল (২৫) ও কৃষ্ণপুরের নান্টু চন্দ্র সরকারের ছেলে সাগর চন্দ্র সরকার (২৯)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সিএনজি যোগে ৪টি স্কুল ব্যাগ কাধে ঝুলিয়ে ৪ জন যুবক বরদিয়া আড়ং বাজারে এসে নামে। সেখান থেকে একটি অটোবাইকে করে মোবারকদী-বিষ্ণুপুর সীমান্তবর্তী এলাকার নৌকা ঘাটে যাচ্ছিল। অটোবাইক চালকের সন্দেহ হলে বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুলকে মোবাইলের মাধ্যমে জানালে তিনি এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ওই যুবকদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করলে ফেনসিডিল পাওয়া যায়। পরে ৪ যুবককে মাদকসহ সেখান থেকে আটক করে কাউন্সিলর কার্যালয়ে নিয়ে আসে। পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে সংবাদ দিলে থানার এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত জানান, আটকদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন মিয়া বলেন, আটকদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
০২ ফেব্রুয়ারি, ২০২২।
