মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযানে ৪ দালালকে আটক করা হয়েছে। পরে ওই চার দালালকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূশরাত সারমিন।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবৎ দূর-দুরান্ত আগত রোগীরা সেবা নিতে এসে দালালদের হাতে হয়রানির শিকার হয়। এছাড়া আগত রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি প্যাথলজিগুলোতে নিয়ে যেত দালালরা। সরকারি হাসপাতালে আসা রোগীদের নিজ নিজ প্যাথলজিতে নিয়ে আসার জন্য প্যাথলজির মালিকরা এসব দালালদের বেতনভিত্তিক নিয়োগ করে থাকেন। দালালদের অত্যাচারে সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হয়ে আসছে। এই নিয়ে চাঁদপুরের স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
হাসপাতাল চত্বরে থাকা দালালদের ধরতে গতকাল সোমবার সকালে আকস্মিক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূশরাত সারমিন। অভিযান পরিচালনাকালে পুলিশের সহযোগিতায় ৪ দালালকে হাসপাতাল চত্বরে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে থাকা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের দালাল আয়েশা আক্তার, গ্রামের বাড়ী দিঘলদী, শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের দালাল মো. সিরাজ প্রধান, গ্রামের বাড়ী চরমুকুন্দি, নোভা ডায়গনস্টিক সেন্টারের দালাল ইভা, গ্রামের বাড়ী বাইশপুর, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দালাল আসমা আক্তার, গ্রামের বাড়ী বাইশপুর।
অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওসার হিমেল, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বনিক, মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন, ডা. ফিরোজ আহমেদ প্রোপেন, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলমসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দালালদের বিরুদ্ধে অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন জানান, সরকারি কাজে বাধা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে তাদের জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
২৯ জুন, ২০২১।
