স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামে ৩ কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করার অভিযোগে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাতে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ মদনা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা ৩ জনের মধ্যে দু’জনের বয়স ১৩ বছর, আরেকজনের বয়স ১৪ বছর।
এদিকে দুই কিশোরীর মা গতকাল মঙ্গলবার বিকেলে বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় অভিযুক্ত মিলন বরকন্দাজের বিরুদ্ধে চুরি ও নারী নির্যাতনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামি মিলন বরকন্দাজ পলাতক থাকায় পুলিশ এখনো তাকে আটক করতে সক্ষম হননি।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, ওই তিন কিশোরকে মঙ্গলবার সকালে হাসপাতালের চতুর্থ তলা থেকে নিচতলার গাইনী বিভাগে নিয়ে যাওয়া হয়েছে এবং মেডিকেল চেকআপের জন্য তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ধর্ষণ হলে যে ধরনের আলামত থাকে প্রাথমিকভাবে আমরা তার তেমন কিছুই পাইনি। রিপোর্ট না আসা পর্যন্ত ধর্ষণের বিষয়টি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখনো রিপোর্ট হাতে আসেনি, আগামিকাল রিপোর্ট আসবে।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ বলেন, মঙ্গলবার বিকেলে দুই কিশোরীর মা বাদী হয়ে চুরি ও নারী নির্যাতনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি প্রক্রিয়াধীন আছে। আমরা আসামিকে আটক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
নির্যাতিত দুই কিশোরীর মা জানান, তার স্বামীর ব্যবসায়ী। কাজের তাগিদে তিনি শুক্রবার তার দুই মেয়েকে বাড়িতে একা রেখে ঢাকায় যান। তারা ঐদিন পার্শ্ববর্তী ঘরের অন্য এক কিশোরকে (বান্ধবী) নিয়ে ঘরে একা থাকছিল। রোববার সন্ধ্যায় একই বাড়ির বাচ্চুর ছেলে মিলন বরকন্দাজ ওই ঘরে গিয়ে তাদের মুড়ি-চানাচুর খাওয়ার কথা বলেন এবং সে দোকান থেকে মুড়ি চানাচুর এবং কোকের বোতল নিয়ে তাদের ঘরে যান। এ সময় মিলন অসৎ উদ্দেশ্যে ওই ড্রিংসের সাথে ঘুমের কিংবা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেন।
তিনি আরো জানান, ঐদিন মিলন তাদের ঘরে সিঁধ কাটে এবং ঘরের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরদিন ভোরে পার্শ্ববর্তী বাড়ির এক বৃদ্ধা নারী তাদের ঘরের সিঁধ কাটা দেখে চিৎকার চেচামেচি করলে লোকজন এগিয়ে এসে দেখেন যে তাদের ঘরে সিঁধকাটা রয়েছে। এবং ওই সিঁধের ভেতর দিয়ে এক শিশুকে দিয়ে ঘরের দরজা খুলে দেখেন ওই তিন কিশোরী গায়ের পোশাকসহ তারা এলোমেলোভাবে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তারা সেখান থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাদের অভিযোগ বখাটে মিলন পূর্বপরিকল্পিতভাবে এই কৌশল করে তাদের ধর্ষণ করেছে।
এদিকে এমন ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদসহ কর্মকর্তারা চাঁদপুর সরকারি হাসপাতালে ছুটে গিয়ে খোঁজ-খবর নেন।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন বলেন, আমরাও এমন কিছু একটা ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়েছি এবং তাদের কাছ থেকে খোঁজ-খবর নিচ্ছি। বাকিটা তদন্তের পর আসল ঘটনা সম্পর্কে জানা যাবে।
১৪ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মদনায় ৩ কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা
