মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান

আমাদের সবার মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে হবে
………মো. মাজেদুর রহমান খান

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, চাঁদপুর জেলা শাখার আয়োজনে মাদকাসক্তি, জঙ্গিবাদ, নারী নির্যাতন, হত্যা ও সন্ত্রাস বিরোধী মূল্যবোধে সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁদপুর শহরের ত্রি-নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ঘোষণা অনুযায়ী চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মাদকাসক্তি, জঙ্গিবাদ, নারী নির্যাতন ও হত্যা সন্ত্রাস বিরোধী মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে। এই আয়োজনের মূল লক্ষ্য বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের কন্যা শেখ হাসিনার দর্শন। এই দর্শনের মাধ্যমে বর্তমান সরকার দেশকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, নারী নির্যাতন ও হত্যা সন্ত্রাস মুক্ত করতে বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী শিল্পকলা একাডেমির মাধ্যমে এই মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান।
তিনি আরো বলেন, আমাদের সবার মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে হবে। এখানে আমাদের বক্তব্য নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ নির্মূল করার লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড দিয়ে কেউ জাতিকে দাবিয়ে রাখতে পারবে না।
পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) বিশেষ অতিথির বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ সমাজ গড়তে জেলা শিল্পকলা একাডেমি আজকের এই মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। শিল্পীদের মেধা ও মনন বিকাশের কিছুটা আমরা গন্ধ এখানে আমরা এসে পেয়েছি। স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত এ স্থানটিকে শিল্পকলা একাডেমি বেছে নেয়ায় তাদের ধন্যবাদ জানাই। চাঁদপুরের জেলা পুলিশ এসব অপরাধের বিরুদ্ধে এদের নির্মূল করতে বদ্ধপরিকর। মানবিক গুণাবলী যে মনের মধ্যে গেঁথে রাখতে পারে সেই মূল্যবোধে মানবিকতা তাদের হৃদয় থেকে পশুত্বকে দূর করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, প্রকৌশলী দেলোয়ার হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে বড় স্টেশন মোলহেড বালুর মাঠে স্থাপিত রূপালী ইলিশের সেলফি স্ট্যান্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উৎসর্গকৃত শিল্পকলার আয়োজনে পুষ্পকাননে ফুলের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।
পরে জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মৃনাল সরকার ও নৃত্য প্রশিক্ষক সোমা দত্তের যৌথ পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করে মৃনাল সরকার, নাবিলা মাহজাবিন প্রাপ্তি, ডানা দেবনাথ, শাওন পাটওয়ারী, সীমান্ত মহাজন, দীপা রায় চৈতি, মিষ্টি বানটা ও প্রশিকা সরকার। আবৃত্তি পরিবেশন করে নুসরাত জেরিন। নৃত্য পরিবেশন করে দোলা দাস দেওয়ান, কুহু দত্ত, জিয়াউদ্দিন ও মিলি।
এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যে ক্ষুদে শিক্ষার্থীরা চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সংগীত পরিবেশন করে চাঁদপুরে গৌরব অর্জন করেছে সেই শিক্ষার্থীরাও গেরিলা গানটি পরিবেশন করে।