স্টাফ রিপোটার
ইয়াবা সেবনরত অবস্থায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মাঈনুদ্দিন আরিফ সুমনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর শহরের নাজিরপাড়া ছৈয়ালবাড়ি রোডস্থ ট্যাগ-ব্যাগ এজেন্সি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সেবন করা অবস্থায় সরঞ্জমাদিসহ চাঁদপুর সদর মডেল থানার এসআই রাসেদুদ জামান তাদের আটক করেন।
আটকরা হলেন- চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ৭নং সহ-সভাপতি মো. মাঈনুদ্দিন আরিফ সুমন, সুমন ও লোড সুমন।
জানা যায়, শহরের ছৈয়ালবাড়ি রোডস্থ ট্যাগ-ব্যাগ এজেন্সি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সেবন করা অবস্থায় সরঞ্জমাদিসহ পুলিশ ৩ জনকে আটক করে। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা মাদকগুলো অন্যত্র সরিয়ে ফেলে। এছাড়া কয়েক মাস আগেও একইস্থান থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসেবীদের আটক করা হয়েছে। মাঈনুদ্দীন সুমনকে থানা থেকে ছাড়িয়ে নিতে রাজনৈতিক পরিচয়ে বহু তদবির করা হয়। কিন্তু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকায় কোনো আপোষ না করে মাঈনুদ্দীন আরিফ সুমনকে আটক করে পুলিশ।
অভিযানকারি এসআই রাসেদুদ জামান জানান, মাদক সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করেছি। গতকাল শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন বলেন, মাদেকের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে। সংগঠনের কেউ যদি মাদকের সাথে সম্পৃক্ত থাকার কোন প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২০২১ সালের ৩০ জুলাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের অনুমোদিত কমিটির ৭নং সহ-সভাপতি মো. মাঈনুদ্দিন আরিফ সুমন।
৩০ জানুয়ারি, ২০২২।
