শাহ্ আলম খান
‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামে খ্যাত পদ্মা-মেঘনা নদীতে এখন ইলিশ পাওয়া যাচ্ছে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাতে নদীতে চষে বেড়াচ্ছেন জেলেরা। তবে
আগের মত ইলিশ মিলছে না। অনেক জেলে সামান্যসংখ্যক ইলিশ পেলেও সাইজে ছোট। আবার কেউ ফিরছেন খালি হাতে। যার কারণে চাঁদপুর সদরের অন্যতম হরিণা মাছঘাটের ইলিশ আড়ৎগুলো ব্যবসায়ীরা আড্ডা দিয়ে সময় কাটাতে দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হরিণা ইলিশ আড়ৎগুলোর অধিকাংশই ফাঁকা দেখা গেছে। কয়েকটি আড়তে স্বল্পসংখ্যক ইলিশ। পাশাপাশি আইড়, পাঙ্গাস ও রিটা মাছও আছে। সব মাছেরই সংখ্যা খুবই কম।
চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারের একাধিক খুচরা মাছ বিক্রেতা বসে আছেন আড়তে। তাদের উদ্দেশ্যে নদী থেকে জেলেরা তাজা ইলিশ আহরণ করবে, তারা ক্রয় করে নিয়ে শহরে বিক্রি করবে। কিন্তু ইলিশ না পাওয়ায় অনেকেই শহরে খালি হাতে ফিরে যেতে হবে। এর মধ্যে একজন জানালেন, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত তিনি খুচরা অল্প অল্প করে মাত্র ৫ কেজি ইলিশ ক্রয় করেছেন।
হরিণা মাছঘাটের একাধিক আড়ৎদার জানান, ইলিশের ভরা মৌসুম খুবই নিকটে। তবে এ বছর ভোলা ও বরিশালে ইলিশের আমদানি হলেও চাঁদপুরে নেই। জেলেরা প্রতিদিনই জ্বালানি খরচ করে নদীতে নামছে, তবে ইলিশ খুবই কম পাওয়া যাচ্ছে। যার কারণে আমাদের আড়ৎগুলো এখন পুরোই ফাঁকা। তবে পানি আরো বাড়লে এবং বৃষ্টি হলে ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেন, চলমান মৌসুমে যে পরিমাণ মাছ থাকার কথা ওই পরিমাণ ইলিশ আসছে না। মৌসুম অনুযায়ী ওই পরিমাণ মাছ হয় নাই।
তিনি বলেন, গত সপ্তাহে কয়েকদিন ভোলা হাতিয়া ও মনপুরা উপকূলীয় অঞ্চলের প্রায় তিন থেকে চারশ’ মণ ইলিশ একদিনে আমদানি হয়েছে। আমাদের লোকাল পদ্মা-মেঘনা নদীতে ইলিশ মাছ নেই। দক্ষিণাঞ্চলের জেলেরা এখন কিছু মাছ পাচ্ছে।
১৬ জুলাই, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মেঘনায় ইলিশ নেই, তাই আড়তে বসে আড্ডা
